সিরিজ শুরুর আগে ভারত ছিল ৩ নম্বরে। প্রথম ম্যাচের হারে আরও কমল র্যাঙ্কিং পয়েন্ট। তৃতীয় ম্যাচ শেষে সেই দলটাই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে! টানা দুটি জয়ে মহেন্দ্র সিং ধোনির দল উঠে গেছে ১ নম্বরে। আজ মোহালিতে জিতলেই সিরিজ জয় নিশ্চিত, সঙ্গে নিশ্চিত অন্তত আগামী কিছুদিন শীর্ষস্থান ধরে রাখাও। তবে হেরে গেলে সিরিজে শুধু সমতাই আসবে না, ইংল্যান্ড উঠে যাবে শীর্ষে।সিরিজ শুরুর আগে ইংল্যান্ড ছিল র্যাঙ্কিংয়ের দুইয়ে। প্রথম ম্যাচ জিতে উঠে গিয়েছিল শীর্ষে; পরে হেরে আবার নেমে গেছে সেই দুইয়েই। শুধু র্যাঙ্কিংয়েই নয়, সবদিক থেকেই ইংল্যান্ড যেন ফিরে গেছে সিরিজের শুরুতে। সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের পক্ষে বাজি ধরার লোক খুব বেশি ছিল না; এখনো নেই। প্রথম ওয়ানডে জিতে উড়তে থাকা ইংল্যান্ড আবার বাস্তবের জমিনে নেমে এসেছে পরের দুই ম্যাচে বাজেভাবে হেরে। ইয়ান বেলের তাই উপলব্ধি, জিততে হলে টপ অর্ডারের ভালো করার বিকল্প নেই।বেলের কথায় আসলে সিরিজেরই প্রতিফলন। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ৩০০ ছাড়ানো স্কোর গড়তে পেরেছিল কুক ও বেলের ১৫৮ রানের উদ্বোধনী জুটির কল্যাণেই। পরে দুই ম্যাচে রান পায়নি টপ অর্ডার, ইংল্যান্ডও গুটিয়ে গেছে ১৫৮ ও ১৫৫ রানে। শুধু টপ অর্ডারই বা কেন, রানে নেই ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যানরাও। প্রথম ম্যাচে কুক ও বেল ছাড়া পুরো সিরিজেই আর ৫০ ছুঁতে পারেননি কেউ!ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢেকে দেওয়ার মতো কিছু করতে পারেননি বোলাররাও; বরং প্রথম ম্যাচে ৩২৫ রানের পুঁজি নিয়েও হারতে বসেছিল ইংল্যান্ড। এত নেতিবাচকতার ভিড়ে ইংল্যান্ডের জন্য খানিকটা আশা জোগাচ্ছে কন্ডিশন। মোহালির উইকেট এমনিতেই পেসারদের দিকে খানিকটা সাহায্যের হাত বাড়ায়; সঙ্গে এবার যোগ হয়েছে তীব্র শীত। বেলের কাছেই যেমন এটিকে মনে হচ্ছে ‘ইংলিশ কন্ডিশন।’ তথ্যসূত্র: ওয়েবসাইট।