জিতলেই তারা সোনালি প্রজন্ম!

২০০২ বিশ্বকাপে বেলজিয়াম শেষ ষোলো থেকে বিদায় নিলেও রেড ডেভিলরা হেরেছিল সে আসরের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে। কিন্তু বেলজিয়ানদের সেই গর্ব ছিল ক্ষণস্থায়ী। ২০০৪-এর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আর ২০০৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে যখন ব্যর্থ হলো বেলজিয়াম, সেই সময়ের টেকনিক্যাল ডিরেক্টর মিশেল স্যাবলন তরুণদের নিয়ে একটি পরিকল্পনা পেশ করেন ফেডারেশনের কাছে।
পরের বছর থেকেই মিশেলের পরিকল্পনার ফল পেতে শুরু করল বেলজিয়াম। ২০০৭-এর অনূর্ধ্ব-২১ ইউরোতে বেলজিয়াম খেলেছিল সেমিফাইনাল, যে দলে ছিলেন বর্তমান বিশ্বকাপ দলের আটজন (ভারম্যালেন, মিরালাস, ভার্তোনে, ফেলাইনি, উইটসেল, লোম্বার্টস, ভ্যানডেন বোরা আর সিমান)। পরের বছর বেইজিং অলিম্পিকে উইটসেল আর লোম্বার্টসের জায়গায় আসেন কোম্পানি আর ডেম্বেলে, বেলজিয়াম আবার জায়গা করে নেয় শেষ চারে।
‘অলিম্পিকের পর আমরা বুঝতে পেরেছিলাম আমাদের অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে। আমরা ভাবলাম দেখা যাক পাঁচ বছর পর কী হয়’—বিশ্বকাপের শুরুতে বলেছিলেন ফেলাইনি। তবে পথটা সহজ ছিল না। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ বা ২০১২ ইউরো কোনোটিতেই জায়গা করে নিতে পারেনি রেড ডেভিলরা।
কিন্তু হাল ছাড়েননি ফেলাইনিরা। ২০১২-তে ফেডারেশন কোচ নিয়োগ দেয় সাবেক অধিনায়ক মার্ক উইলমটসকে, যাঁর হাত ধরে ২০০২-এ শেষ ষোলোতে খেলেছিল বেলজিয়াম। সোনালি প্রজন্মের সঙ্গে বেলজিয়াম কিংবদন্তির যুগলবন্দীটা হলো দারুণ, ২০১৪ বিশ্বকাপের টিকিট পেল অপরাজিত থেকে।
২০০২ সালে উইলমটস যখন বিশ্বকাপ মাতাচ্ছিলেন, ১১ বছর বয়সী এডেন হ্যাজার্ড আলো ছড়াচ্ছিলেন রয়াল স্তাদে ব্রাইনোসের জুনিয়র দলে, ভিনসেন্ট কোম্পানি নাম লিখিয়েছেন আন্ডারলেখটের যুবদলে আর আদনান ইয়ানুজাই, যদিও বয়স মাত্র ৭, হয়ে গেছেন এফসি ব্রাসেলসের সদস্য। এক যুগ পর সেই উইলমটসের হাত ধরেই বেলজিয়ানদের স্বপ্ন দেখাচ্ছেন হ্যাজার্ড-কোম্পানিরা। দলের ১২ জন খেলছেন বিশ্বের নামকরা ক্লাবগুলোতে, এর মধ্যে হ্যাজার্ড আর গোলরক্ষক থিবো কোর্তোয়াকে বিশ্বসেরাদের কাতারেই ধরা হয়। তবু উইলমটস এদের ‘সোনালি প্রজন্ম’ বলতে নারাজ, ‘আগে কিছু জিতে নিই, তারপর না হয় বলা যাবে।’
সেই লক্ষ্য পূরণে আপাতত প্রথম বাধা লিওনেল মেসির আর্জেন্টিনা। লাল শয়তানদের নীল-সাদা বোতলে আটকে রাখতে চাইবে সাবেলার দল, কিন্তু বোতল থেকে না বেরোতে পারলে যে সোনালি প্রজন্মের গায়ে যে উঠবে শোকাহত প্রজন্মের তকমা!
৮২
দ্বিতীয় রাউন্ড পর্যন্ত সবচেয়ে বেশি ৮২ বার ফাউলের শিকার ছিল গ্রিকরা।এরপরই চিলি (৮০)।
২১
দ্বিতীয় রাউন্ড পর্যন্ত সবচেয়ে বেশি ২১ বার ফাউলের শিকার গ্রিক স্ট্রাইকার গিওর্গস সামারাস।