জিতলেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ অ্যাডিলেড ওভালে শেষ আটে যাওয়ার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ দল। গতকাল একই মাঠে অনুশীলনেও মাশরাফি-সাকিবদের মধ্যেও ছিল সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় l শামসুল হক
আজ অ্যাডিলেড ওভালে শেষ আটে যাওয়ার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ দল। গতকাল একই মাঠে অনুশীলনেও মাশরাফি-সাকিবদের মধ্যেও ছিল সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় l শামসুল হক

হোটেল থেকে উঁকি দিলে স্টেডিয়াম দেখা যায়। ইন্টারকন্টিনেন্টাল আর অ্যাডিলেড ওভালের মাঝখানে শুধু টরেন্স নদী। এমনই নিস্তরঙ্গ যে, লেক বলে ভুল হয়। হোটেল থেকে বেরিয়ে একটা সেতু পেরোলেই আপনি ডন ব্র্যাডম্যানের স্মৃতিবিজড়িত মাঠের আঙিনায় ঢুকে গেলেন।
এটা কারও জানা না থাকলে ইন্টারকন্টিনেন্টালে ওঠা বাঙালিমাত্রই কাল বিকেলে বিষম চমকে যেতেন। কী আশ্চর্য, এই বিদেশ-বিভুঁইয়ে কনকনে বাতাসে ভেসে আসছে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...!’ পরদিন ম্যাচের আগে দুই দেশের জাতীয় সংগীত বাজবে। সেটিরই চূড়ান্ত মহড়া হচ্ছে অ্যাডিলেড ওভালে। যে সুর ছড়িয়ে পড়ছে হোটেলের লবি-সংলগ্ন খোলা আঙিনায়।
যা শুনতে শুনতে অনুমান করার চেষ্টা করছিলাম, এই ম্যাচ শেষেও অ্যাডিলেডের বাতাসে কি এমনই ছড়িয়ে পড়বে ‘আমার সোনার বাংলা...!’ জিতলেই কোয়ার্টার ফাইনাল। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইট খেলেছে। তবে বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখলে সেটি হবে ইতিহাসে প্রথম। সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজার কাছে এক বিলেতি সাংবাদিকের ‘এটি বাংলাদেশ ক্রিকেটের গত ২০ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কি না’ জানতে চাওয়াটাকে তাই মোটেই বাড়াবাড়ি মনে হলো না।
আবার বাড়াবাড়িও। বাংলাদেশের জন্য এটি বড় সুযোগ হতে পারে, কিন্তু জীবন-মরণ ম্যাচ তো নয়। হেরে গেলেও সুযোগ থাকবে। হ্যামিল্টনে নিউজিল্যান্ডকে হারানো একটু কষ্টকল্পনা মনে হচ্ছে বটে, তবে কিউইদের বিপক্ষে সর্বশেষ ৭টি ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে ৭-০ স্কোরলাইনও কি এক সময় তা-ই ছিল না!
সুখস্বপ্নকে যদি আরেকটু ডানা মেলতে দেন, এমনও তো হতে পারে শেষ দুই ম্যাচ হেরেও বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে চলে গেল। সেটি কীভাবে সম্ভব? কেন, শেষ ম্যাচে ইংল্যান্ড যদি আফগানিস্তানের কাছে হেরে বসে! নিজেদের দল নিয়ে ইংরেজ সাংবাদিকদের এমনই নৈরাশ্যবাদ গ্রাস করেছে যে, সমীকরণটা শুনে কেউই হাসলেন না। উল্টো দ্য টাইমস-এর দুঁদে সাংবাদিক মাথা ঝুঁকিয়ে বললেন, ‘সম্ভব, এই দলের পক্ষে সবই সম্ভব।’

উৎপল শুভ্র
উৎপল শুভ্র

আজ বাংলাদেশ হেরে গেলেও কোয়ার্টার ফাইনালে তাই ‘আমার সোনার বাংলা...’ বাজতে পারে। অভাবিতভাবে বিশ্বকাপের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত ম্যাচটিতে ইংল্যান্ডের জাতীয় সংগীতটি বরং বেশি প্রাসঙ্গিক। আক্ষরিক অর্থেই যেটি ‘গড সেভ দ্য কুইন’-এর রূপ নিয়েছে। হারলেই ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ। মুশফিকুর রহিমের টানা তুলনাটা তাই ঠিক বলে মেনে নিতেই হচ্ছে, ‘আফগানিস্তান বা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা যেমন চাপে ছিলাম, এই ম্যাচে ইংল্যান্ডও তেমনই চাপে থাকবে।’
এই বিশ্বকাপে ধারাবাহিকতা বিবেচনায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দুটি নাম পাশাপাশিই থাকবে—সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে ইংলিশ সাংবাদিকদের কাছে বাংলাদেশ মানেই এক বাঁহাতি ওপেনার। প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর স্কটল্যান্ডের বিপক্ষে ফর্মে ফিরেছেন বলে তামিম ইকবালকে নিয়ে তাঁদের ভয়টা আরও বেশি। সাম্প্রতিক অতীতে ইংল্যান্ডের বোলিং নিয়ে এমন ছেলেখেলা যে খুব কম ব্যাটসম্যানই করতে পেরেছেন। তার ওপর আবার এই বিশ্বকাপে ইংল্যান্ডের বোলিং নিয়ে নানা রকম কৌতুক চালু হয়ে গেছে। যার একটি এ রকম—ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেলেই স্টুয়ার্ট ব্রড আবার উইকেট পেতে শুরু করবেন!
যা শুনে তামিম ইকবাল একটুও হাসছেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে পরপর দুই বলে উইকেট পাওয়ার পর ব্রডের আর উইকেট নেই। ইংল্যান্ডের পেস বোলিংয়ের দুই ফলা অ্যান্ডারসন আর ব্রড মিলে ৪ উইকেট নিয়েছেন ৯১.৫০ গড়ে। এসব পরিসংখ্যানে বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে তামিম বললেন, ‘ওরা ভালো দল। বিশ্বকাপের শুরুতে শ্রীলঙ্কাকেও তো এমনই মনে হয়েছিল। পাকিস্তানকে দেখুন না, কীভাবে ঘুরে দাঁড়াল!’ ইংল্যান্ড কী খেলছে না খেলছে তা মাথায় না নিয়ে তামিমের পরিষ্কার রেসিপি, ‘আমাদের ভালো খেলতে হবে।’
আসলেই তা-ই। ইংল্যান্ডের দুর্দশা নিয়ে এত কথা হচ্ছে, তবে তারা হেরেছে তো র্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলগুলোর বিপক্ষেই। ‘দুর্দশা’ শব্দটাও শুধু বোলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করাই ভালো। ব্যাটিংয়ে তো ইংল্যান্ড পরপর দুই ম্যাচে তিন শ করেছে। নিজেদের ওয়ানডে ইতিহাসেই এর আগে যা করতে পেরেছে মাত্র তিনবার। বাংলাদেশের বোলিংই বা এমন কী! স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ তাড়া করে জয়ের গৌরবের উল্টো পিঠে এই খচখচানিটাও তো আছে—স্কটল্যান্ডই যদি ৩১৮ করে ফেলে, ইংল্যান্ডের ব্যাটিংই তো ম্যাচের মীমাংসা করে দিতে পারে! তার ওপর খেলাটা অ্যাডিলেড ওভালে। ড্রপ ইন পিচের যুগেও যে মাঠ বরাবরের মতোই ব্যাটসম্যানদের দিকে বন্ধুত্বের হাত প্রসারিত করে রাখে।
১৯৯২ সালে ফাইনাল খেলার পর থেকে বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স এমনই যাচ্ছেতাই যে সাবেক ইংলিশ ক্রিকেটাররা মেনে নিচ্ছেন, ওয়ানডে খেলাটা ইংল্যান্ড ঠিক পারে না। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে কোচ পিটার মুরসও প্রকারান্তরে এই মতবাদকে সমর্থনই করে গেলেন! সাবেক কোচ ডেভিড লয়েড তো এই ইংল্যান্ডকে নিয়ে এমনই তিতিবিরক্ত যে এই ম্যাচে বাংলাদেশকেই ফেবারিট বলে ঘোষণা করে দিয়েছেন। তবে লয়েডের ধারণার ভিত্তি যে ‘স্পিন-স্পিন-স্পিন’, তাতে বাংলাদেশ দলের খুব একটা আস্থা আছে বলে মনে হচ্ছে না। নইলে একাদশে দ্বিতীয় স্পেশালিস্ট স্পিনার নিতে টিম মিটিংয়ে এতটা সময় ব্যয় হবে কেন? শেষ পর্যন্ত অবশ্য একজন ব্যাটসম্যান (নাসির হোসেন) কমিয়ে আরাফাত সানিকে একাদশে নেওয়া হয়েছে। তূণের মূল অস্ত্র সাকিবকে আসল সময়ে ব্যবহার করতে সানিকে দিয়ে বোলিং ওপেন করানোর চিন্তাও একরকম চূড়ান্তই।
গত ম্যাচের একাদশে আরেকটি পরিবর্তন করতেই হতো। বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এনামুলের বদলে তামিমের সঙ্গে ব্যাটিং ওপেন করবেন মাত্রই উড়ে আসা ইমরুল কায়েস। নিয়তির অদ্ভুত খেলায় গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে ম্যান অব দ্য ম্যাচের বিশ্বকাপে প্রত্যাবর্তন সেই ইংল্যান্ড ম্যাচেই!