জিতলেই শেষ চারে কিউইরা
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বাজেভাবে হেরেছে দল। এরপর যা হওয়ার তাই হচ্ছে। একের পর এক সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সংবাদমাধ্যম ধুয়ে দিচ্ছে শহীদ আফ্রিদিদের। থেমে নেই সাবেকরাও। আবদুল কাদির, সাকলায়েন মুশতাক, রশিদ লতিফরা নেমেছেন ব্যর্থতার ময়নাতদন্তে। আর এমন ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়েই আজ দলটি মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়াকে টানা দুই ম্যাচে হারিয়ে উড়তে থাকা নিউজিল্যান্ডের।
মোহালিতে গ্রুপ ‘২’-এর ম্যাচে আজ হেরে গেলে সেমিফাইনাল দূরের বাতিঘর হয়ে যাবে পাকিস্তানের জন্য। অন্যদিকে তিনে তিন করতে পারলে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করে ফেলবে নিউজিল্যান্ড।
ব্যাট হাতে কারও বড় কোনো অবদান ছাড়াই প্রথম দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে কিউইরা। দুই ম্যাচে দলটির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি মাত্র ৩৯। যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন মার্টিন গাপটিল। সবচেয়ে বিস্ময়কর হলো ওই দুই ম্যাচেই নিউজিল্যান্ড খেলেছে দলের সেরা দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে একাদশের বাইরে রেখে। ভারতের মন্থর পিচে দারুণ কাজে লেগেছে সিদ্ধান্তটা। মিচেল স্যান্টনার, ইশ সোধি, নাথান ম্যাককালামের মতো স্পিনাররা ছড়ি ঘুরিয়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর। তাই ১২৬ ও ১৪২ রান করেও জিততে সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ব্রেন্ডন ম্যাককালামের অবসর যদি কিউইদের দুশ্চিন্তায় ফেলে দেয়, কেন উইলিয়ামসনের অধিনায়কত্ব তা দূর করে দিয়েছে অনেকটাই।
উল্টো অবস্থা পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির। সমালোচনা তাঁরই বেশি হচ্ছে। আফ্রিদির একাদশ নির্বাচন মোটেও পছন্দ হয়নি সাকলায়েন মুশতাকের, ‘ওরা তো পিচই ঠিকঠাক বুঝতে পারেনি। এমন বড় ম্যাচে অন্তত একজন স্বীকৃত স্পিনার রাখা উচিত ছিল। ওটা চার ফাস্ট বোলারের পিচ ছিল না।’
পাকিস্তান সম্ভবত আজ চার ফাস্ট বোলার নিয়ে নামছে না। অনুশীলনের সময় ঘাড়ে বলের আঘাত পেয়েছেন ওয়াহাব রিয়াজ। হাসপাতালও ঘুরে আসতে হয়েছে তাঁকে। রিয়াজ খেলতে না পারলে দলে ঢুকতে পারেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ কিংবা ইমাদ ওয়াসিম। এএফপি, ক্রিকইনফো।
নিউজিল্যান্ড আগের ম্যাচের একাদশ নিয়েই নামবে কি না সেই সিদ্ধান্ত নেবে আজ। দলটির কোচ মাইক হেসন বললেন পিচ ও প্রতিপক্ষ বুঝেই তাঁরা দল সাজাবেন।
মুখোমুখি
ম্যাচ পাকিস্তান নিউজিল্যান্ড
মোট ১৪ ৮ ৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ৩ ১