জয় দিয়ে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ শুরু করতে পারলেও সেই জয় পেতে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। উত্তেজনাপূর্ণ ম্যাচে অকল্যান্ড এইসেসকে ২ রানে হারিয়েছেন জ্যাক ক্যালিস, সাকিব আল হাসানরা। জয় পেলেও নিজেদের কিছু দোষত্রুটির কথা বেশ অকপটেই স্বীকার করেছেন জ্যাক ক্যালিস। তাঁর মতে, ওই ভুলগুলোর কারণেই মূলত ম্যাচটি জিততে ঘাম ঝরাতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। তবে, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিজেদের শুরুটা জয় দিয়ে শুরু করায় দিনশেষে সন্তুষ্টিই ঝরেছে এই প্রোটিয়া অলরাউন্ডারের কণ্ঠে।টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৩ রান যোগ করে কলকাতাকে ভালো অবস্থান এনে দিয়েছিলেন ক্যালিস ও মানবিন্দর বিসলা। কিন্তু অন্যরা যেন যাওয়া-আসার মিছিলেই নিজেদের শামিল করলেন। আর এটাকেই এই ম্যাচে নিজেদের দুর্বলতা হিসেবে অভিহিত করেছেন ক্যালিস। তিনি বলেছেন, ‘টসে জিতে ব্যাট করতে নেমে আমরা বড় সংগ্রহ দাঁড় করাতে পারিনি। অকল্যান্ডও খুব ভালো ফিল্ডিং করেছে। আমরা অনেক চেষ্টা করেও বিপত্তি এড়াতে পারিনি। এখান থেকে আমাদের অনেক শিক্ষা নিতে হবে। তবে শেষ পর্যন্ত জয় দিয়ে শুরু করতে পেরে ভালো লাগছে।’ পিটিআই