জিতলেন জোকোভিচ
শৈশব থেকেই দুজন একসঙ্গে খেলেন। অনুশীলনও একই সঙ্গে। কিন্তু গ্র্যান্ড স্লামে কখনো মুখোমুখি হননি নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রিয় বন্ধু হেরে যাওয়ায় জোকোভিচের মন একটু খারাপ। নেটের অন্য পাশে দাঁড়ানো বন্ধুকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলেন আবেগে। অথচ জোকোভিচের পাশে দাঁড়িয়ে ট্রফি হাতে ছবির জন্য পোজ দিতে বেশি সময় নিলেন না মারে।সপ্তাহজুড়ে দুর্দান্ত খেলা মারে কাল রড লেভার অ্যারেনায় দাঁড়াতেই পারলেন না। তাঁকে সরাসরি সেটে (৬-৪, ৬-৩, ৬-২ গেমে) হারালেন নোভাক জোকোভিচ। গ্র্যান্ড স্লামে ব্রিটিশদের ঊনশতাব্দী দীর্ঘ শিরোপা-স্বপ্ন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের অন্তত পূরণ হলো না।গত তিন বছরে যা হয়নি সেটা হলো এবার। রজার ফেদেরার, রাফায়েল নাদাল—দুজনই অনুপস্থিত গ্র্যান্ড স্লামের ফাইনালে। সেই সুযোগটা কাজে লাগিয়ে জোকোভিচ বাড়িয়ে নিলেন নিজের গ্র্যান্ড স্লামের সংখ্যা। একমাত্র মেজর শিরোপাও জিতেছিলেন এখানে, তিন বছর আগে। অস্ট্রেলিয়ান ওপেন যেন সব সময়ই পয়মন্ত তাঁর কাছে। তবে এই জয়ে আবেগে ভেসে যাচ্ছেন না, ‘আমি এখন আকাশে উড়তে চাই না এবং বলব না যে আমিই সেরা। চাই না রাফা (নাদাল) ও রজারের সাফল্যের সঙ্গে নিজেকে তুলনা করতে।’ দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া সার্বিয়াকে টেনিস যা একটু দিচ্ছে সুখবর। কিছুদিন আগে ডেভিস কাপ জিতেছে সার্বিয়া। এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জোকোভিচ আর সেটি উৎসর্গ করলেন নিজের পরিবার ও সার্বিয়াকে। এই জয়ে অবশ্য র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না জোকোভিচের। আজ প্রকাশিতব্য তালিকায় থাকবেন সেই তিনেই।হতাশ মারের সঙ্গে প্রচণ্ড হতাশ ব্রিটিশরাও। ১৯৩৬ সালে ফ্রেড পেরির উইম্বলডন জয়ের পর কয়েক বছর ধরে তাদের স্বপ্ন দেখাচ্ছেন তরুণ মারে। এবার অস্ট্রেলিয়ান ওপেন তাঁর হাতে দেখার আশায় ছিল ব্রিটেন। কিন্তু পারলেন না ২৩ বছর বয়সী তরুণ। ২০০৮ সালে ইউএস ওপেনের ফাইনালে ওঠার পর গত বছর উঠেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। গতবার ফেদেরারের কাছে হারের পর ক্ষমা চেয়েছিলেন সমর্থকদের কাছে। কাল ম্যাচ শেষে বললেন, ‘আজ (কাল) রাতে নোভাক অবিশ্বাস্য খেলেছে।’ এএফপি।