জিতে কাঁদলেন সিয়েলো
কোথায় শূন্যে ঘুষি ছুড়বেন, তা নয়; জিতে কেঁদে দিলেন সিজার সিয়েলো। সাংহাইয়ে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার বাটারফ্লাইয়ে জয়ের পর কাল তাঁর ভেজা গালেও দেখা গেল অশ্রুধারা! যেটি তাঁর স্বভাবজাত নয়।ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন সাঁতারুর এমন আবেগাপ্লুত হওয়ার কারণ কী? ডোপ টেস্টে পজিটিভ হয়ে গত মে মাসেই নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। তাঁর দাবি ছিল, ইচ্ছা করেই কোনো পারফরম্যান্স-বর্ধক স্টেরয়েড নেননি। গত সপ্তাহেই ক্রীড়া আদালতে ‘মুক্তি’ পান সিয়েলো। কিন্তু এ নিয়ে অনেকেই বাঁকা কথা বলেছেন। তাই পুলেই এই সমালোচনার জবাব দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন। ৫০ মিটার ফ্রি-স্টাইলের সাফল্যের সঙ্গে মিশে গেছে সেই চ্যালেঞ্জের জয়ও। সিয়েলোর মুখে তাই যুগল আনন্দের অনুভূতি, ‘আমার মনে হয়, ঈশ্বরের আশীর্বাদ ছিল আমার সঙ্গে...অন্য সব পদকের চেয়ে এটা জেতার অনুভূতি আলাদা। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন জয়।’পুলে ভালো করার আভাস দিয়েছিলেন বাছাইতেই সেরা টাইমিং করে (২৩.২৬ সেকেন্ড)। সোনা নির্ধারণী সাঁতারে সেই টাইমিংটাকে কমিয়ে এনেছেন ২৩.১০ সেকেন্ডে। সিয়েলোর ইভেন্টে ২৩.২৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু টারগেট। তৃতীয় হয়েছেন অস্ট্রেলিয়ারই জিওফ হিউগিল (২৩.৩৫)।সিয়েলোর জয়ের দিনে মহিলাদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে চীনকে সোনা জিতিয়েছেন ১৫ বছরের বিস্ময়বালিকা ইয়ে সিওয়েন। এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ইয়ে সময় নিয়েছেন ২ মিনিট ৮.৯ সেকেন্ড। ২ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসিয়া কুটস। বেইজিং অলিম্পিকের চ্যাম্পিয়ন স্টেফানি রাইস চতুর্থ হয়েছেন। এএফপি।