
চেলসি ২: ০ পিএসজি (দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা, অ্যাওয়ে গোলে সেমিতে চেলসি)
ডর্টমুন্ড ২: ০ রিয়াল (দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে সেমিতে রিয়াল মাদ্রিদ)

সিগনাল ইডুনা পার্কে শেষ বাঁশিটা বাজার পর যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল কার্লো আনচেলত্তির। ডাগআউটে বসেই হাততালি দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে হাসিমুখে হাত মেলালেন বেল-মডরিচ-রামোসরা। অথচ ম্যাচটা রিয়াল হেরেছে ২-০ গোলে!
ডর্টমুন্ডের জয়টা গর্ব করার মতোই। অন্য কোনো ম্যাচ হলে হয়তো এই জয়ে উল্লাস করতেন রিউস-লেভানডফস্কিরা। কিন্তু এদিন রিয়াল মাদ্রিদকে হারিয়েও নিরুত্তাপ! একটুর জন্য যে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লেখা যায়নি।
বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা হেরে এসেছিল ৩-০ গোলে, দ্বিতীয় লেগের জয় তাই বদলাতে পারেনি ডর্টমুন্ডের ভাগ্য। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। হেরেও তাই রোনালদোরা হাসিমুখ থাকতেই পারেন!
ডর্টমুন্ড না পারলেও ছয় শ কিলোমিটার দূরে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ঠিকই পেরেছে। গত সপ্তাহে প্যারিসে ইংলিশ দলটি পিএসজির কাছে প্রথম লেগে হেরেছিল ৩-১ গোলে। কিন্তু পরশু রাতে ম্যাচের শেষ মুহূর্তে ডেম্বা বার নাটকীয় গোলে চেলসি পেল ২-০ ব্যবধানে দুর্দান্ত জয়। দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা হলেও প্রতিপক্ষের মাঠে গিয়ে গোল দেওয়ার কৃতিত্বে সেমিফাইনালের টিকিটটা তাই চেলসিরই হাতে।
এমন জয়ের পর হোসে মরিনহো সংবাদ সম্মেলনে আলোটা কেড়ে নেবেন জানাই ছিল। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ ছিলেন স্বরূপেই, ‘যে দল রক্ষণাত্মক খেলার চেষ্টা করেছে তারা শাস্তি পেয়েছে। যারা হূদয় দিয়ে খেলেছে, তারাই জিতবে এটাই তো স্বাভাবিক।’ খোঁচাটা অবশ্য গায়ে মাখেননি পিএসজি কোচ লরাঁ ব্লঁ। বরং ঘুরে দাঁড়ানো জয়ের জন্য চেলসিকেই কৃতিত্ব দিয়েছেন তিনি, ‘তারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের ওপর বিশ্বাস হারায়নি। সেটারই পুরস্কার পেয়েছে আজ। শুভকামনা রইল তাদের জন্য।’
চোটের কারণে খেলতে পারেননি পিএসজির সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর অভাব টের পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। সিগনাল ইডুনা পার্কে যেমন রোনালদোর না খেলতে পারাটা ভুগিয়েছে রিয়াল মাদ্রিদকেও। বিরতির আগে বলার মতো কোনো আক্রমণই করতে পারেনি রিয়াল। উল্টো ১৭ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার পেনাল্টি রুখে দেন ডর্টমুন্ড গোলরক্ষক ভাইডেনফেলার। রিয়ালের রক্ষণভাগের ভুলে ৩৭ মিনিটের মধ্যেই মার্কো রিউসের দুই গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। ম্যাচটা অন্তত চার-পাঁচ গোলের ব্যবধানেই জিততে পারত গতবারের ফাইনালিস্টরা। কিন্তু ৬৪ মিনিটে মিডফিল্ডার মেখিতারিয়ানের শট ফিরে এসেছে গোলপোস্টে লেগে। পরের কয়েক মিনিটে তাঁর আরও দুটি শট দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন ইকার ক্যাসিয়াস। সম্ভাবনা জাগিয়েও তাই জার্মান ক্লাবটির চ্যাম্পিয়নস লিগের পথচলা শেষ হলো শেষ আটেই। তবে হেরেও খুব একটা হতাশ নন ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘এ ম্যাচটার ভিডিও সংগ্রহশালায় রাখা উচিত। যেসব দল প্রথম লেগে ৩-০ গোলে হেরে যায় তারা অন্তত এটা দেখে বুঝতে পারবে—কিছুই অসম্ভব নয়।’ সেমিফাইনালে ওঠার স্বস্তি থাকলেও দ্বিতীয় লেগে নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন রিয়াল কোচ আনচেলত্তি, ‘সেমিফাইনালে পৌঁছে আমি আনন্দিত, তবে যেভাবে পৌঁছেছি তাতে নয়।’ হারটাকে অবশ্য ইতিবাচক হিসেবে নিচ্ছেন ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করা রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াস, ‘হয়তো এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা। এটা একদিক দিয়ে ভালো যে আরও পরে আসার চেয়ে এই ম্যাচেই সতর্কবার্তাটা এসেছে।’
রিয়াল ও চেলসির সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় অবশ্য একটা পুনর্মিলনীতে যোগ দেওয়ার সুযোগ এসেছে দুই কোচের সামনে। শেষ চারে এই দুই দল মুখোমুখি হলে মরিনহোকে দাঁড়াতে হবে রিয়ালে তাঁর সাবেক ছাত্রদের প্রতিপক্ষ হয়ে। একই অনুভূতি হয়তো পাবেন আনচেলত্তিও। ল্যাম্পার্ড-টেরিদের সঙ্গে যে সাবেক চেলসি কোচেরও অনেক স্মৃতি! ওয়েবসাইট।