জিতে সবার ওপরে ঢাকা
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে ফলাফল এসেছে। কাল সিলেটে চতুর্থ ও শেষ দিনে ঢাকা ১৬৬ রানে হারিয়েছে বরিশালকে। এর আগে বগুড়ায় দুই দিনেই রাজশাহী ৯ উইকেটে জিতেছিল চট্টগ্রামের বিপক্ষে। কাল রাজশাহীতে খুলনা-সিলেট ম্যাচ ড্র হয়েছে। আগামী পরশু শুরু হবে লিগের দ্বিতীয় পর্ব।চতুর্থ দিনে জয়ের জন্য বরিশালের লক্ষ্য ছিল ৩৭৭ রান। কিন্তু তারা অলআউট ২১০ রানে। বরিশালের হয়ে চার নম্বরে নামা শাহীন ইসলাম ৫৭ রানের অপরাজিত ছিলেন। ঢাকার স্পিনার মোশারফ হোসেন ৮০ রানে নিয়েছেন ৫ উইকেট।সিলেট আগের দিন ৭ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। এরপর প্রথম ইনিংসে খুলনাকে তারা বেঁধে ফেলে ২১৩ রানে। কিন্তু এতেই শেষ হয়ে যায় তিন দিন। চতুর্থ দিনে সিলেট দ্বিতীয় ইনিংসে যখন ৮ উইকেটে ১৬৩, ততক্ষণে সময় শেষ। মানে দিন শেষ। সিলেটের বাঁহাতি স্পিনার শাকের আহমেদ ৭১ রানে নিয়েছেন ৬ উইকেট। তিনিই ম্যান অব দ্য ম্যাচ।পঞ্চম রাউন্ড জেতায় ঢাকার পয়েন্ট হলো ৬৩। প্রথম পর্ব শেষে তারাই আছে সবার ওপরে। তিন ম্যাচ জিতেও ব্যাটিং বোনাস পয়েন্টে পিছিয়ে থাকায় রাজশাহীর পয়েন্ট ৫২। তারা আছে দ্বিতীয় স্থানে।