জিতেই কথা বলতে চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভুটান ম্যাচ নিয়ে কী ভাবছেন?’জোরান জর্জেভিচের উত্তর, ‘হ্যালো মিস্টার, আই উইল টক আফটার দ্য টুর্নামেন্ট।’তারপরও কাল (আজ) যেহেতু ভুটানের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামছে, ম্যাচটা নিয়ে কিছু একটা বলতে তো হবে। অনুরোধেও অনড় সার্বিয়ান কোচ। এবার মুখ থেকে বেরোল তিনটি কথা, ‘নো কমেন্টস। আফটার টুর্নামেন্ট। আফটার টুর্নামেন্ট...।’আগের সন্ধ্যায় নেপালের বিপক্ষে ৩-০ জয়ের পর আনন্দে কেঁদে ফেলেছিলেন, তৃতীয় গোলটা হয়ে গেলে ম্যারাডোনার মতো অত লম্বা ডাইভ না দিলেও ছোটখাটো একটা ডাইভ দিয়ে ফেললেন মাঠে, সেই তিনিই পরদিন নিজেকে খোলসবন্দী করে ফেললেন! পেশাদার কোচরা মনে হয় এমনই, কথার চেয়ে কাজের দিকেই নজর বেশি।কোচের মতো মুখে কুলুপ আঁটেননি, তবে অধিনায়ক আমিনুলও কথাবার্তায় সতর্ক। ম্যাচের আগে হাঁকডাক দিয়ে পরে দেখা গেল সবই ভুল! এই অভিজ্ঞতা তো আর কম হয়নি তাঁর। তবে ভুটানকে তো সহজেই হারানোর কথা বাংলাদেশের...সাংবাদিকের মুখে এ কথা শুনে বাংলাদেশ অধিনায়ক বলে দেন, ‘আমরা ওদের সহজে না কঠিন করে হারাব, সেটা নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। ভালো ফুটবল খেলা।’নেপালের বিপক্ষে জড়তা ছিল অনেক, একসঙ্গে অনুশীলনের ঘাটতিটা চোখে পড়েছে। তবে সবদিক দিয়ে মাঠের বাইরে বাংলাদেশ দলই গেমসের সেরা। এখন মাঠে প্রমাণের পালা। আমিনুল বললেন, ‘আমরা নিজেদের সেরাটা মাঠে দিতে পারলেই হয়। ভালো না করার কোনো কারণ নেই। তবে প্রথম ম্যাচটা আমরা আপ টু দ্য মার্ক পারিনি। ভুটান ম্যাচে ভালো ফুটবল খেলব আমরা। এটাই শেষ কথা।’ভুটানিরাও এটিকেই শেষ কথা বলে ধরে নিচ্ছে। আগের বিকেলে মালদ্বীপকে প্রায় ঠেকিয়েই দিয়েছিল ভুটান (মালদ্বীপ জয়সূচক একমাত্র গোলটা করেছে ৮৪ মিনিটে), সেই আত্মবিশ্বাসই আজ বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভুটানকে। ‘মালদ্বীপের সঙ্গে যেমন খেলেছি, তেমন খেলতে পারলে আমি তো জয়ের আশা করতে পারি’—বললেন দলটির সবচেয়ে সিনিয়র খেলোয়াড় স্ট্রাইকার পাসাং।গত মাসে সাফে বাংলাদেশের কাছে ১-৪ হার, শ্রীলঙ্কার কাছে ০-৫, পাকিস্তানের কাছে ৭-০ গোলে উড়ে যাওয়া। তবে পরিসংখ্যান যতই ভুটানের দুর্বলতা প্রকাশ করুক, তাদের বিপক্ষে আগের চার ম্যাচের তিনটিতে জয় আসুক, ২০০৮ কলম্বো সাফে ভুটানের সঙ্গে ড্র করতে পারাই ছিল বাংলাদেশের কাছে জয়ের সমান!এবারের দক্ষিণ এশীয় গেমসের সেমিফাইনাল নিশ্চিত করার জন্য আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু ম্যাচে বাংলাদেশের জয় পাওয়াটা উচিত। তবে সতীর্থ স্কুল ছাত্রদের নিয়ে তা হতে দিতে চান না পাসাং, ‘হারের আগে আমরা হারব না।’কাজেই সাবধান বাংলাদেশ!