জিতেই চলেছে চেন্নাই
সুরেশ রায়নার বিধ্বংসী ব্যাটিংয়ে আরও একটি দারুণ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। নিজেদের শেষ সাত ম্যাচের সাতটিতেই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানটা বেশ ভালোভাবেই পাকাপোক্ত করেছে মহেন্দ্র সিং ধোনির দল। আজকের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই জিতেছে ১৫ রানে। ৫৩ বলে ১০০ রান করে দলের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন সুরেশ রায়না।জয়ের জন্য ১৮৭ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াইটা ভালোই করেছিল পাঞ্জাব। ঝোড়ো ব্যাটিং করে দলকে জয়ের বেশ কাছাকাছি নিয়ে গিয়েছিলেন শন মার্শ ও ডেভিড মিলার। ৫১ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস এসেছে মার্শের ব্যাট থেকে। ২৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিলার। কিন্তু এই দুই ব্যাটসম্যানের সর্বাত্মক প্রচেষ্টা শেষ পর্যন্ত বিফলে গেছে ডোয়াইন ব্রাভো ও ইশান্ত শর্মার ভালো বোলিংয়ের কারণে। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। ব্রাভো তিনটি ও ইশান্ত শর্মা দুইটি উইকেট শিকার করেছেন।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে স্কোরবোর্ডে ১৮৬ রান জমা করে চেন্নাই সুপার কিংস। ৫৩ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। এ ছাড়া মাইক হাসি ৩৫ ও এলবি মরকেল ২৩ রান করেন।