জিতেই চলেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটরস জিতেছিল ২০০ রানের কোটা পার করে। আজ দুরন্ত রাজশাহীর বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ১৫৬ রানে ইনিংস শেষ করলেও জয় পেতে সমস্যা হয়নি গতবারের শিরোপাজয়ীদের। রাজশাহীর বিপক্ষে আজ তারা পেয়েছে ১৩ রানের জয়। টানা তিনটি ম্যাচ জিতে বিপিএলের দ্বিতীয় আসরে শক্ত অবস্থানও তৈরি করেছে মাশরাফি বিন মোর্তজার দল।ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ধীরস্থীরভাবে করেছিলেন রাজশাহীর দুই ওপেনার তামিম ইকবাল ও চার্লস কভেন্ট্রি। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেছিলেন ৪০ রান। অষ্টম ওভারে কভেন্ট্রিকে সাজঘরমুখী করেন লোকুয়ারাচ্চি। দ্বিতীয় উইকেটে জহুরুল ইসলাসকে সঙ্গে নিয়ে আবার ৩৬ রানের ঝড়ো জুটি গড়েন তামিম। ১১তম ওভারের শেষ বলে জহুরুলের উইকেট তুলে নিয়েছেন মোশাররফ হোসেন। ১৩তম ওভারে তামিমের উইকেট তুলে নিয়ে ঢাকাকে ভালো অবস্থানে নিয়ে যান সাকিব। সেসময়ই ম্যাচের নিয়ন্ত্রণটাও চলে যায় ঢাকার হাতে। ৪১ বলে ৫৭ রানের চমত্কার এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন তামিম। চতুর্থ উইকেটে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতানোর অনেক চেষ্টা করেছিলেন সাইমন ক্যাটিচ ও জিয়াউর রহমান। কিন্তু শেষরক্ষা হয়নি। ১৩ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাজশাহীকে। ক্যাটিচ ৩৩ ও জিয়াউর ২৫ রান করে অপরাজিত ছিলেন।