জিতেই চলেছে পাঞ্জাব

এবার আইপিএলে পাঞ্জাবের চেহারা অন্যরকম। এ পাঞ্জাবের অভিধানে যেন পরাজয় বলে কোনো শব্দ নেই! প্রতি ম্যাচে পাঞ্জাবের জয়রথ ছুটছেই। আজ দুবাইয়ে বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়েছে জর্জ বেইলির দল। আইপিএলে পাঁচ ম্যাচে ৫ জয় নিয়ে প্রীতি জিনতার পাঞ্জাবের অবস্থান শীর্ষে।
বেঙ্গালুরুর দেওয়া ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে খানিকটা হোঁচটই খেতে হয় পাঞ্জাবকে। ৭.১ ওভারে ৪০ রানে ফিরে যান তিন ব্যাটসম্যান। পাঞ্জাবের প্রাথমিক বিপর্যয়ের পেছনে মিচেল স্টার্কের দারুণ ফিল্ডিং কিন্তু কম দায়ী নয়! দারুণ দুটি ক্যাচ নিয়েছেন স্টার্ক। বিশেষ করে বরুণ অ্যারনের বলে ঋদ্ধিমান শাহর যে ক্যাচটি বাউন্ডারির কাছ থেকে লুফে নিলেন স্টার্ক, এক কথায় অসাধারণ! দারুণ ক্যাচ ধরেও অবশ্য দলকে জেতাতে পারলেন না।

কেননা, এরপর বীরেন্দর শেবাগ ও ডেভিড মিলারের চতুর্থ উইকেটে তোলা ৩১ বলে ৪৫ রান কক্ষপথে ফেরায় পাঞ্জাবকে। ২৬ করা মিলার ও ৩২ করা শেবাগ মাত্র ৩ রানের ব্যবধানে চাহালের বলে ফিরলেও তাতে খুব একটা অসুবিধা হয়নি পাঞ্জাবের। ৭ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের দেখা পেয়ে যায় বেইলির দল।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বেঙ্গালুরুর ক্রিস গেইল ঝড় তোলার পূর্বাভাস দিলেও সন্দীপ শর্মার অসাধারণ বোলিংয়ের কারণে হয়নি। ডানহাতি এ পেসারের বোলিং ফিগার: ৩ ওভারে ১ মেডেন ১৫ রানে ৩ উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল বাদে পাঞ্জাবের প্রায় সব বোলারই ছিলেন সফল। প্রত্যেকেই বেঙ্গালুরুর রানের চাকা ভালোভাবেই আটকে রাখেন। বিরাট কোহলির দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১২৪। সর্বোচ্চ ৩৫ আসে যুবরাজ সিংয়ের ব্যাট থেকে। আইপিএলে এ রান যে যথেষ্ট নয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছে বেঙ্গালুরু।