জিতেই চলেছে সিলেট
পল স্টারলিংয়ের ১৪ বলে ৩৮ রান। হ্যামিল্টন মাসকাদজার ৩০ বলে ৫২ রান। চোখ ধাঁধানো ইনিংসই বটে। দুই ব্যাটসম্যানের ব্যাটিং তাণ্ডবে খুলনা রয়্যাল বেঙ্গলসকে আজ বুধবার ৬ উইকেটে হারিয়েছে সিলেট রয়্যালস।এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৫ রান তোলে খুলনা। জবাবে মাত্র ১৬.২ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। ম্যাচ শেষ হওয়ার সময় মুশফিকুর রহিমদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৪৬ রান। মুশফিকুর ১৯ ও এলটন চিগুম্বুরা ৯ রানে অপরাজিত ছিলেন।নিজেদের তিন ম্যাচের তিনটিতেই জিতল সিলেট রয়্যালস। অর্জনের খাতায় পুরো ৬ পয়েন্ট। অন্যদিকে, তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখতে পায়নি খুলনা।বলার অপেক্ষা রাখে না, স্টারলিং ও মাসাকাদজার কাছেই আজ হেরে গেছে খুলনা। দুজন যেভাবে ব্যাটে ঝড় তুলেছিলেন, তাতে সিলেট আরও আগে জিতে গেলেও অবাক হওয়ার কিছু থাকত না। স্টারলিংয়ের ১৪ বলের ইনিংসটিতে ছিল তিনটি চার ও চারটি ছয়ের মার। মাসাকাদজার ৩০ বলের ইনিংসটিতে ছিল ছয়টি চার, দুটি ছয়ের মার। খুলনার শুরুটাই ভালো ছিল না। দলীয় ১৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে। সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৬ রানে থাকা শাহরিয়ার নাফীস। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লো ভিনসেন্ট লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তবে ব্যক্তিগত ২৯ রানে আউট হন তিনি।ভিনসেন্টের বিদায়ের পর একের পর এক উইকেট হারাতে থাকে খুলনা। তবে একপ্রান্ত আগলে রাখেন রিকি ওয়েসেলস। ইনিংস শেষ হওয়ার সময় ৬৩ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলীয় এই ব্যাটসম্যান। তাঁর ৪৪ বলের ইনিংসটিতে ছিল চারটি চার ও দুটি ছয়ের মার।সংক্ষিপ্ত স্কোর:খুলনা: ১৪৫/৭ (২০ ওভার)ওয়েসেলস ৬৩*, ভিনসেন্ট ২৯ন্যানেস ২/২০, সোহাগ ২/২০সিলেট: ১৪৬/৪ (১৬.২ ওভার)মাসাকাদজা ৫২, স্টারলিং ৩৮নাবিল ২/২৩ফল: সিলেট ৬ উইকেটে জয়ী।ম্যাচসেরা: হ্যামিল্টন মাসাকাদজা।