ঢাকায় গত মার্চে এশিয়ান গেমসের বাছাইপর্বে সর্বশেষ হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার ৫-১ গোলে হারিয়েছিল স্বাগতিকেরা। বিশ্ব হকি লিগে কাল সেই হংকংকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচটি বেশ মনোযোগ দিয়েই দেখলেন কোচ নাভিদ আলমসহ পুরো দল। দুর্বল হংকংয়ের বিপক্ষে আজ লিগের শেষ ম্যাচে সহজ জয়েরই আশা করছেন চয়নরা।
বিশ্ব হকি লিগের প্রথম পর্ব থেকে বাংলাদেশের গ্রুপের চ্যাম্পিয়ন দলই যাবে পরের রাউন্ডে। যদিও প্রথমে দুটি দলের ওঠার কথা ছিল, কিন্তু লিগ থেকে অনেক দেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) দ্বিতীয় দলটির বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো দেয়নি। এ অবস্থায় পরের রাউন্ডে যেতে হলে অন্তত ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত করে রাখা উচিত। হারলে গোল-গড়ে এগিয়ে থাকা শ্রীলঙ্কারই দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা বেশি থাকবে। তবে ড্র করলেও একটি পয়েন্ট পাবে বাংলাদেশ। যদিও ম্যাচ গড়াবে টাইব্রেকারে। সে ক্ষেত্রে পেনাল্টি শ্যুট-আউটে জিতলে ২ পয়েন্ট যোগ হবে, হারলেও ১ পয়েন্ট পাওয়ার সুবাদে চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ।
অবশ্য এতসব সমীকরণ নিয়ে মোটেও ভাবছেন না অধিনায়ক মামুনুর রহমান চয়ন। শ্রীলঙ্কার বিপক্ষে করা ভুলগুলো পেছনে ফেলে জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চান, ‘শ্রীলঙ্কার সঙ্গে ভুলগুলো যাতে আর না হয় সেটারই লক্ষ্য থাকবে আমাদের। ওই ম্যাচে শেষ ১৫ মিনিট আমরা মোটেও ভালো খেলিনি। এগুলো নিয়ে পরে আলোচনা করেছি, ভুলগুলোর ভিডিও দেখেছি। আশা করছি, ভালো খেলেই হংকংয়ের সঙ্গে জিতব।’