জিতেই জবাব দিতে চান মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে যা থাকার কথা, সেখানে তা থাকবে না—এটাই বোধ হয় জিম্বাবুয়ে। নইলে অসময়ের বৃষ্টি যখন মাঠেই নামতে দিচ্ছে না, তখন হোটেলের বাথরুমে কেন থাকবে পানির জন্য হাহাকার? সঙ্গে অনুশীলন নিয়ে বাধাবিপত্তি তো আছেই। হারারেতে আসার পর পনেরো দিন পেরিয়ে গেলেও মাঠের বাইরে বাংলাদেশ দল এখনো যেন প্রথম দিনের মতোই অপ্রস্তুত!কাল দ্বিতীয় টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠলে ক্রিকেটীয় মৌলিক অধিকারের দাবিতে সোচ্চার হলেন মুশফিকুর রহিম। সঙ্গে দিয়ে রাখলেন হুমকিও, ‘বিদেশে খেলতে গিয়ে সফরকারী দল কখনোই এ রকমটা আশা করে না। মৌলিক সুবিধাগুলো তো অন্তত পাওয়া উচিত। আমার মনে হয় না, তারা (জিম্বাবুয়ে ক্রিকেট) আমাদের সেটা দিচ্ছে। তাদের মনে রাখা উচিত, তারাও আমাদের দেশে খেলতে যাবে। আমাদের সঙ্গে যে রকম আচরণ করবে, তারাও কিন্তু সে রকম আচরণই পাবে।’ অসহযোগিতা ফিরিয়ে দেওয়ার সুযোগ আসতে অবশ্য এখনো অনেক দেরি। তার আগে জবাবটা দ্বিতীয় টেস্টেই দিয়ে দিতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘এসবকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাব না। বরং ভালো খেলে যদি দ্বিতীয় টেস্টে জিততে পারি, তাহলেই সবচেয়ে কড়া জবাবটা দেওয়া হবে।’প্রথম টেস্টে ৩৩৫ রানের বিশাল ব্যবধানে হারার পর এই প্রত্যাশাটাকে বাড়াবাড়ি মনে হতে পারে। তার ওপর গত দুই দিনের বৃষ্টিতে হারারের উইকেটে পেসারদের বল আরও বেশি সর্পিল আর গতিময় হবে বলেই অনুমান। জিম্বাবুয়ের প্রস্তুতিরও কমতি নেই সেটার জন্য। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কাল যখন প্র্যাকটিস উইকেটও ঢাকা ছিল, তখন পপিং ক্রিজে দাগ দেওয়ার অজুহাতে ম্যাচের উইকেট উদোম ফেলে রাখার অন্য কোনো কারণ যে খুঁজে পাওয়া যাচ্ছে না! কিউরেটর ফুঙ্গাই সিঙ্গাইর কথাবার্তাতেও আভাস মিলছে, প্রথম টেস্টের তুলনায় দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের পেসারদের খেলাটা আরও কঠিন হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। তবে খটখটে রোদের মধ্যেও যে আউটফিল্ডে বাউন্ডারি পর্যন্ত যেতে বলকে সংগ্রাম করতে হয়, সেটাকে কিউরেটর দুই দিনের বৃষ্টির পরও ‘অনেক ভালো’ কীভাবে বললেন কে জানে!পরিস্থিতি দাবি করলে দ্বিতীয় টেস্টে তিন পেসার খেলাবেন বলে আগেই জানিয়েছিলেন মুশফিক। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। রবিউল আর সাজেদুলের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে টেস্ট অভিষেক হয়ে যাচ্ছে জিয়াউরের। ঢাকা থেকে জিয়ার সঙ্গে উড়ে আসা আরেক পেসার শফিউল এখনো টেস্টের জন্য ফিট নন। তাঁকে আনা হয়েছে মূলত ওয়ানডের কথা ভেবে। বোলিং আক্রমণ প্রসঙ্গে কাল মুশফিকের কথায়ও ছিল চোটমুক্ত থাকার চিন্তার কথা, ‘ছোটখাটো অনেক ইনজুরি আছে দলে। সিরিজ ড্র করতে এই ম্যাচ আমাদের জিততেই হবে। সেজন্য চাইব ফিট খেলোয়াড়েরাই যেন খেলে। কোনো বোলার যদি প্রথম ইনিংসে ইনজুরিতে পড়ে যায়, আমাদের জন্য ম্যাচটা খুব কঠিন হয়ে যাবে।’মাহমুদউল্লাহ, না মমিনুল—এ প্রশ্নের উত্তর এবার মমিনুলকে খুঁজে নেওয়ার সম্ভাবনা প্রবল। সহ-অধিনায়ক হলেও দ্বিতীয় টেস্টে মাহমুদউল্লাহ সম্ভবত দর্শক হয়েই থাকবেন। এ ছাড়া ওপেনিংয়ে শাহরিয়ার নাফীসের জায়গায় যে তামিম ইকবালের ফেরাটা একরকম নিশ্চিত, সেটা সংবাদ সম্মেলনেই বলে দিয়েছেন অধিনায়ক, ‘দুই দিন ধরে ও নেটে ব্যাট করছে। হাতে একটু ব্যথা থাকলেও সেটা নিয়ে খেলা সম্ভব। আমার বিশ্বাস, তামিম মোটামুটি ফিট খেলার জন্য। আশা করি ও খেলবে।’হারারের কন্ডিশন আর চোটাঘাতের সমীকরণ মিলে বাংলাদেশ দলের জন্য দ্বিতীয় টেস্টও সহজ হবে না বলেই মনে হচ্ছে। মুশফিক সেটা মানলেও আত্মবিশ্বাসী অন্য জায়গায়। হারারে স্পোর্টস ক্লাবের উইকেট-মাঠ এখন কিছুটা হলেও বাংলাদেশ দলের চেনা। মুশফিক মনে করিয়ে দিয়েছেন সেটাই, ‘একই ভেন্যুতে খেলা হওয়ায় আমরা হয়তো কিছুটা হলেও সুবিধা পাব। তবে প্রথম টেস্টে কেউই ভালো ব্যাটিং করেনি। আশা করি, এবার সবাই দায়িত্ব নিয়ে খেলবে। বল সিলেকশন ভালো হতে হবে এবং ধৈর্য নিয়ে খেলতে হবে।’২০১১ সালের সফরে টেস্ট ছিল মাত্র একটি। সেটিতে হারার পর আর কিছু করার ছিল না। এবার সিরিজ ড্র করার সুযোগটা অন্তত পাওয়া যাচ্ছে। সেই লক্ষ্য পূরণে সবচেয়ে বড় বাধা তো অবশ্যই ব্রেন্ডন টেলর। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের বোলিং পরিকল্পনার অনেকটা জুড়েই আছেন প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করা জিম্বাবুয়ে অধিনায়ক। সঙ্গে আজ সকালে ঠিকঠাকভাবে প্রস্তুত হয়ে মাঠে যাওয়ার চ্যালেঞ্জটা তো আছেই। অনুশীলন থেকে ফিরে কাল সন্ধ্যায় যে পানিশূন্য হলিডে ইনেই ঢুকেছে বাংলাদেশ দল!