জিতেই জার্মানির হুংকার
লাল কার্ডের খাঁড়ায় মিরোস্লাভ ক্লোসা নেই। প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পর আবার নিষ্প্রভ লুকাস পোডলস্কি। ঘানার বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর ড্রেসিংরুমে মেসুত ওজিলকে জার্মানির কোচ জোয়াকিম লো বলেছিলেন, ‘তোমার কাছে একটা গোল পাওনা আছে!’তা পাওনা ছিলই। প্রথম ম্যাচে তাঁর চারপাশ থেকে ক্লোসা, পোডলস্কি, মুলাররা গোল পেলেন, কিন্তু দুর্দান্ত খেলেও তিনি পেলেন না। পেলেন না পরের ম্যাচেও। শেষ পর্যন্ত কোচের পাওনা চুকিয়ে দিলেন গোলটা যখন সবচেয়ে বেশি প্রয়োজন। ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় পর্যন্ত নিশ্চিত ছিল না জার্মানির দ্বিতীয় রাউন্ড। ৬০ মিনিটে ওজিলের অসাধারণ এক গোলে শুধু দ্বিতীয় রাউন্ড নিশ্চিত নয়, তিনবারের চ্যাম্পিয়নরা হয়ে গেল গ্রুপ চ্যাম্পিয়ন। ওয়েবসাইট।তবে গ্রুপের সেরা হওয়া সব সময়ই সুখকর হয় না, যদি অন্য গ্রুপে ঘটে যায় ওলটপালট। জার্মানিকে যেমন দ্বিতীয় রাউন্ডেই পড়তে হচ্ছে ‘সি’ গ্রুপ থেকে অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় হওয়া ইংল্যান্ডের সামনে। শুধু বিশ্ব ফুটবলের বড় দুই শক্তি বলেই নয়, ফুটবলে তারা চির প্রতিদ্বন্দ্বী। তবে তাতে একদমই ভড়কে যাচ্ছেন না জোয়াকিম লো, বরং এই ম্যাচের জন্য নাকি মুখিয়ে আছেন জার্মান কোচ, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ক্লাসিক একটি ম্যাচ, আমরা ওই ম্যাচের জন্য মুখিয়ে আছি। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামা সব সময়ই বিশেষ কিছু। বিশ্বকাপে ইংল্যান্ড-জার্মানি লড়াইয়ের ইতিহাস দারুণ।’ হ্যাঁ, ইতিহাসই এই দু দলের লড়াইকে দিয়েছে অন্য মাত্রা। ১৯৬৬ ফাইনালের পর থেকেই ইংল্যান্ড-জার্মানি ম্যাচ মানে বিশেষ কিছু। নিজ দেশের ফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল পশ্চিম জার্মানির। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ের দু গোলে ইংল্যান্ড জেতে ৪-২ গোলে। ঝামেলাটা পাকায় অতিরিক্ত সময়ে করা ইংল্যান্ডের প্রথম গোল। জিওফ হার্স্টের হেড গোললাইন পেরিয়েছিল কি না তা নিয়ে বিতর্ক চলছে আজও। ওই ম্যাচের পর থেকেই বিশ্বকাপে হোক কিংবা বিশ্বকাপের বাইরে দু দলের লড়াই মানেই খেলা ছাড়িয়েও অন্য কিছু।পরশু ঘানার বিপক্ষে জিততেই অবশ্য জার্মানির ঘাম ছুটে গেছে। একের পর এক আক্রমণ প্রতিহত হয়ে আসছিল আর টেনশন বাড়ছিল জার্মান শিবিরে। ঘানাও পাল্টা আক্রমণ চালিয়ে গোলের সম্ভাবনা জাগিয়েছে বেশ কয়েকবার। আসামোয়া জিয়ানেরই দারুণ দুটি প্রচেষ্টা ঠেকিয়েছেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম। একবার জিয়ানের দারুণ এক হেড বাঁচিয়েছেন গোললাইন থেকে, আরেকবার বক্সের ভেতর থেকে নেওয়া শটে পা লাগিয়ে পাঠিয়ে দিয়েছেন বাইরে। দু দলেরই বেশ কিছু সুযোগ হাতছাড়া করার মাঝে ওজিল করেন ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়া গোলটি। বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ের তীব্র কিকে বল জালে জড়ান ২১ বছর বয়সী মিডফিল্ডার।এখনো পর্যন্ত বিশ্বকাপে ইংল্যান্ড ও জার্মানির যা পারফরম্যান্স, তাতে হয়তো জার্মানিকেই এগিয়ে রাখবেন অনেকে। যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার বিপক্ষে ড্রয়ের পর স্লোভেনিয়ার বিপক্ষে কোনো রকমে জিতে শেষ ষোলোয় উঠেছে ইংল্যান্ড। তবে তার পরও ফ্যাবিও ক্যাপেলোর দলকে কোনোভাবেই সহজভাবে নিচ্ছেন না লো, ‘ইংল্যান্ডের ম্যাচগুলো আমি দেখেছি, প্রথম দুই ম্যাচে ওদের ধুঁকতে হয়েছে। তবে এটা খুবই স্বাভাবিক, মাঝে মাঝে টুর্নামেন্ট যত এগোয়, কোনো কোনো দল ততই ভালো করতে থাকে। ওরা ভালো খেলছে না, তবে দলটা যে ভালো এতে তো কোনো সন্দেহ নেই। ওদের হালকাভাবে নিলে সেটা হবে দারুণ বিপজ্জনক।’চির প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হলে কোনো দলই যে এতটুকু ছাড় দিতে চাইবে না, এটা নিশ্চিত। ফুটবলপ্রেমীরা নড়েচড়ে বসতে পারেন। কারণটা তো লোই বলেছেন, ‘এটা হবে ক্লাসিক এক ম্যাচ!’