
বল পেলেই দুরন্ত গতিতে উঠে যাচ্ছেন ওপরে, আবার দরকার হলে নিচে নেমে ট্যাকলও করছেন। দারুণ সব পাস বাড়িয়ে দিচ্ছেন, আবার কর্নারের সময় লাফিয়ে উঠে হেডও করছেন। আক্ষরিক অর্থেই যেন খেলছেন মাঠজুড়ে! মধ্যমাঠের ইঞ্জিন বলতে যেটা বোঝায়, পল পগবা যেন ঠিক তা-ই। আবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাচ্ছেন দারুণভাবে। পরশুই দেখুন, গোলের জন্য ফ্রান্স যখন হাপিত্যেশ করে মরছিল, পগবাই তখন ত্রাণকর্তা। নাইজেরিয়া গোলরক্ষক এনিয়েমার ভুলে কর্নার থেকে হেড করে স্বস্তি এনে দিয়েছিলেন দলকে। পরে ফ্রান্স আরেকটি গোল দিয়েছে বটে, কিন্তু পথটা দেখিয়েছেন তো পগবাই।
দুই বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সময় বলেছিলেন, ‘আমি একদিন বিশ্বের সেরা ফুটবলার হব।’ ১৯ বছর বয়সী একজন ফুটবলারের জন্য কথাটা ঔদ্ধত্য বটে। কিন্তু পগবা জুভেন্টাসে দেখিয়ে দিয়েছেন, প্রতিজ্ঞা পূরণ করা তাঁর পক্ষে খুবই সম্ভব। ৬ ফুট ২ ইঞ্চির বিশাল কাঠামোটাই তো মাঠে অন্য রকম একটা কর্তৃত্ব এনে দেয়। সেই সঙ্গে অফুরান শারীরিক সামর্থ্য মিলিয়ে পগবা যেন গর্বোদ্ধত সেই সিংহ, যার চলাফেরাটাই বাকিদের চেয়ে তাঁকে আলাদা করে রাখে। বাস্কেটবল তারকার শরীরে ব্রাজিলিয়ান পদযুগল—পগবাকে বর্ণনা করার জন্য আসলে এর চেয়ে জুতসই কোনো বর্ণনা হতেই পারে না।
অভিষেক বিশ্বকাপে পেয়ে গেলেন প্রথম গোল। তাও আবার গোলটা যখন দলের খুব করে দরকার। পগবার আবেগটা যেন বাঁধ মানল না, ‘এই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই। এখন পুরো দেশ আমাদের পাশে আছে। গোলটা সত্যিই আমাদের মুক্তি দিয়েছে।’
বিশ্বকাপ অবশ্য পগবার এর মধ্যেই জেতা হয়ে গেছে। অবাক হচ্ছেন? বড়দের না, ছোটদের। গত বছর ফ্রান্সকে যুব বিশ্বকাপ জিতিয়েছেন পগবাই, পেয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও। কিন্তু আসল বিশ্বকাপের সঙ্গে তো কিছুরই তুলনা হতে পারে না। পগবা মানলেন, ‘দেশের হয়ে এ রকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে গোল করা, দলকে শেষ আটে নিয়ে যাওয়া আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।’
ফ্রান্সের অগ্নিপরীক্ষা কোয়ার্টার ফাইনালে, প্রতিপক্ষ জার্মানি। কিন্তু পগবা প্রতিপক্ষকে একরকম হুমকিই দিয়ে রাখলেন, ‘কেন আমরা জার্মানিকে ভয় পাব? আমরা কাউকেই ভয় পাই না। আমরা ফ্রান্সের জাতীয় দল। যার সঙ্গেই খেলি, জয়ের জন্য খেলি। সব সময় নিজেদের পুরোটা ঢেলে দিই।’ এমনকি জার্মানি বাধা পেরিয়ে ব্রাজিলের সঙ্গে সেমিফাইনাল খেলার কথাও বলে ফেললেন, ‘আমরা ব্রাজিলের সঙ্গে খেলতে চাই। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালের ম্যাচটা আমার মনে আছে।’
চার বছর আগে অন্তঃকলহ, কাদা ছোড়াছুড়িতে জর্জরিত ফ্রান্স বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকেই। সেই দুঃস্বপ্ন অনেকটাই ভুলিয়ে দিয়েছে এবারের দলটা। তথ্য: গোলডটকম।