জিতেই মাঠ ছাড়ল হল্যান্ড

প্রথম ম্যাচে স্পেনকে বিধ্বস্ত করার পর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমত পরীক্ষাই দিতে হলো হল্যান্ডকে। ক্ষণে ক্ষণে ডাচ রক্ষণভাগ কাঁপিয়ে তুলল সকারুরা। তবে শেষমেশ ফল তাদের পক্ষে নেই। অস্ট্রেলিয়াকে ২-৩ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা দিল হল্যান্ড।
২০ মিনিটে ডেলি ব্লাইন্ডের হেডে বাড়িয়ে দেওয়া বলে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে পড়েন রোবেন। এরপর বাঁ পায়ে জোরালো শট—গোল! ২১ মিনিটে রায়ান ম্যাকগাওয়ানের ক্রসে দারুণ এক ভলিতে হল্যান্ডের জালে বল জড়িয়ে দিলেন টিম কাহিল। সমতায় ফিরল অস্ট্রেলিয়া। ৫৪ মিনিটে বক্সে ডেরিল ইয়ানমাট হ্যান্ডবল করে বসলেন! পেনাল্টি পেল অস্ট্রেলিয়া। পেনাল্টি থেকে গোল আদায় করলেন মাইল জেডিনাক। এগিয়ে গেল সকারুরা। ৫৮ মিনিটে ডাচদের সমতায় ফেরালেন রবিন ফন পার্সি। ৬৮ মিনিটে দূর পাল্লার শটে হল্যান্ডকে এগিয়ে নিলেন বদলি নামা মেম্ফিস ডিপাই। এ গোল আর পরিশোধ করতে পারেনি সকারুরা।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ৬২ নম্বরে, যা এ বিশ্বকাপে সর্বনিম্ন। হল্যান্ডের অবস্থান নিয়ে নতুন করে বলার নেই। বিশ্বকাপে এবারই প্রথম দুদল মুখোমুখি। গত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে দেওয়া হল্যান্ডকে আজ মোটেও ছেড়ে কথা বলেনি সকারুরা। হল্যান্ডের বল দখল ছিল ৫২ শতাংশ, অস্ট্রেলিয়ার ৪৮। হল্যান্ড সকারুদের রক্ষণভাগ ভেদ করে লক্ষ্যে শট নিয়েছে ১৪টি। অস্ট্রেলিয়াও কম যায়নি, তারাও নিয়েছে ৮টি। পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরেছেন কাহিলরা। এমনকি ৫৪ মিনিটে এগিয়েও গিয়েছিল। কিন্তু গত ম্যাচের মতো এদিনও দলকে সমতায় ফেরালেন ডাচ অধিনায়ক পার্সি। এরপর বদলি নামা ডিপাই কেড়ে নিলেন সকারুদের হাসি!
দুদলের তারকা খেলোয়াড়েরাই গোল পেয়েছেন। ফর্মের তুঙ্গে থাকা রোবেন-পার্সি আজও ঝলক দেখিয়েছেন। হল্যান্ডের হয়ে সর্বশেষ ১০ ম্যাচে করলেন ১১ গোল। এ বিশ্বকাপে তিনটি। রোবেন সর্বশেষ ৮ ম্যাচে ৮ গোল। এ বিশ্বকাপে তিনটি। গোল পেয়েছেন সকারু-তারকা কাহিলও। কী অদ্ভুত মিল—পার্সি-কাহিল দুজনই টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে পরবর্তী ম্যাচ হাতছাড়া করলেন! চিলির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হল্যান্ডকে নামতে হবে পার্সিকে ছাড়াই। তবে ক্ষতি বেশি হয়েছে অ্যাঞ্জ পোস্তেকোগলোরই। শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে পাবেন না দলের বড় ভরসা কাহিলকে।