একটা ম্যাচ জিততে পারলেই শেষ আটে। এবারের ফেডারেশন কাপে নিয়ম হয়ে দাঁড়ানো ধারা। আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, ফেনী সকার প্রথম ম্যাচে জিতেই উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। কাল মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স নিজেদের প্রথম ম্যাচ জিতে যোগ দিল নকআউট পর্বে। বিজেএমসি ও পুলিশ দলের যেকোনো একটি হবে শেষ আটের অষ্টম দল। বিজেএমসির সম্ভাবনাই বেশি।
ব্রাদার্স কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুলিশকে হারিয়েছে ২-১ গোলে। এই জয় দিয়ে ব্রাদার্সের কোচ হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব শুরু করলেন ভারতের কোচ সৈয়দ নইমুদ্দিন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নইমুদ্দিন বললেন, ‘ব্রাদার্স ক্লাব আমার মায়ের মতো। ওরা ডাকে বলেই আমি বাংলাদেশে কোচিং করাতে পারছি। এ জন্য ব্রাদার্সকে ধন্যবাদ।’
সময় বেশি পাননি, তবু প্রথম ম্যাচটা নইমুদ্দিনের পরিকল্পনা অনুযায়ী আক্রমণাত্মক ফুটবল খেলে জিতেছে ব্রাদার্স। ১৯ মিনিটে কবিরুলের দেওয়া গোলটা পুলিশ ধরে রাখতে পারেনি। প্রণব ব্রাদার্সকে ম্যাচে ফেরান ৪১ মিনিটে। দ্বিতীয়ার্ধে বেশ গুছিয়ে খেলেছে ব্রাদার্স। উজ্জীবিত দলটি দাপটের সঙ্গেই ৬৪ মিনিটে পেয়ে যায় জয়সূচক গোল। গোলদাতা ফয়সাল।
মুক্তিযোদ্ধা এবার সাধ্যানুযায়ী ভালো দলই গড়েছে। প্রথম ম্যাচে দলীয় সমন্বয় এবং গতি ছিল মুক্তিযোদ্ধার খেলায়। ১১ মিনিটে বিপ্লব এগিয়ে নেন মুক্তিযোদ্ধাকে। বিরতির মিনিট দুয়েক আগে ব্যবধানটা দ্বিগুণ করেন কিংসলে। ৫৪ মিনিটে বিপ্লব নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলে ম্যাচটা পকেটে পুরে ফেলে মুক্তিযোদ্ধা।
নাটকের তখনো বাকি ছিল। তিন গোলে পিছিয়ে থাকা চট্টগ্রাম আবাহনী তেড়েফুঁড়ে আক্রমণে উঠে ৫৮ মিনিটে ৩-১ করে ফেলে সোহেলের গোলে। এরপর আক্রমণ পাল্টা-আক্রমণে উপভোগ্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় গোলটি পায় শেষ বাঁশির খানিক আগে। ৩-২ করেন জাবেদ। আরেকটু সময় পেলে চট্টগ্রাম আবাহনী ম্যাচটা ড্রও করে ফেলতে পারত। দুই ম্যাচ হেরেই মৌসুম সূচক টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চট্টগ্রামের দলটি।