জিতেই শেষ চারে খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্যটা খুব কঠিন ছিল না। বাইলজে ‘নতুন’ আবিষ্কারের আগে হিসাবটা ছিল, বড় ব্যবধানে না হারলেই চলবে। শেষ পর্যন্ত অবশ্য বড় ব্যবধানে জিতেই সেমিফাইনালে উঠল খুলনা রয়েল বেঙ্গলস। ডোয়াইন স্মিথের সেঞ্চুরি ম্যাচের প্রথম ভাগেই অনেকটা নিশ্চিত করে দেয়, অন্তত বাজেভাবে হারছে না খুলনা। পরে একটি উইকেটও নিয়েছেন স্মিথ, ৬৯ রানে হেরে দুঃস্বপ্নের টুর্নামেন্ট শেষ করেছে সিলেট রয়্যালস।ম্যাচের দ্বিতীয় বলে শিবনারায়ণ চন্দরপল রানআউট হওয়ার পর উইকেটে গিয়েছিলেন স্মিথ, ফিরেছেন ২০ ওভার শেষে হার না মেনে। শুরুতে অবশ্য অনেক সতর্ক ছিলেন, সে সময় রান বাড়ানোর কাজটা করেন হার্শেল গিবস (২৮ বলে ৪১)। স্টাইরিসের বলে গিবস বোল্ড হওয়ার পর খোলস ছেড়ে বের হন স্মিথ। একসময় রান ছিল ৩৩ বলে ১৭, পরের ৮৬ করেন মাত্র ৪০ বলে! ৬টি করে চার-ছয়ে টুর্নামেন্টের তৃতীয় আর নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন ৭০ বলে। স্মিথের সেঞ্চুরিতে কম ভূমিকা নেই সিলেটের ‘উদারতারও’। দৃষ্টিকটুভাবে একের পর এক ফুলটস-শর্টপিচ-হাফভলি করে গেছেন সিলেটের বোলাররা। ১৯তম ওভারে পিটার ট্রেগো করলেন চারটি স্লোয়ার ফুলটস! ওই ওভারে এসেছে ২৩, আবুল হাসানের করা ১৭তম ওভার থেকে ২০। ৯৬ রানে তো মিড উইকেটে স্মিথের সহজ ক্যাচও ছাড়লেন নূর হোসেন। শেষ ১০ ওভারে খুলনা তোলে ১০৮ রান, শেষ চার ওভারে ৬২! ১০০ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে সাকিব আল হাসানের অবদান ২১ বলে ২১। সবচেয়ে বড় দুই ভরসা কামরান আকমল ও পিটার ট্রেগো চার ওভারের মধ্যে ফিরে যাওয়ার পরই আসলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। বাকিরা মিলে টেনেটুনে ১০০ পার করিয়েছেন, বড় হার রুখতে পারেননি। সংক্ষিপ্ত স্কোরখুলনা রয়েল বেঙ্গলস: ২০ ওভারে ১৮৬/২ (চন্দরপল ৪, গিবস ৪১, স্মিথ ১০৩*, সাকিব ২১*, স্টাইরিস ১/২১); সিলেট রয়্যালস: ১৬ ওভারে ১১৭/১০: (আকমল ৫, ট্রেগো ২৩, মেনার্ড ১০, অলক ৫, স্টাইরিস ১৪, শুভাগত ১৮, নাঈম ৩, তানভীর ২৬*, নূর ০, হাসান ৪, নাবিল ৪, রাজ্জাক ২/৮, নাসির ২/১৫, শাহাদাত ২/২১, স্মিথ ১/১৬, শফিউল ১/১৬)। ফল: খুলনা ৬৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডোয়াইন স্মিথ।