জিতেও অতৃপ্তি রিয়ালের
অবশেষে গোল পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো...। এতটুকু পড়ে খটকা লাগার কথা আপনার। এ ধরনের একটা বাক্য কদিন আগেই পড়েছেন বলে মনে হতে পারে। ‘দেজা ভ্যু’র বিভ্রান্তি! আসলে তা নয়। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রোনালদোর গোলটা স্প্যানিশ লিগের টেকনিক্যাল কমিটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করার পর দিয়ে দিয়েছে পেপেকে। কারণ পেপের মাথায় লেগেই বলটা দিক পরিবর্তন করে ঢুকেছে জালে। পরশু বার্নাব্যুতে এসপানিওলের বিপক্ষে মাঠে নামার আগে তাই ‘সেই তিমিরেই’ ফিরে গিয়েছিলেন রোনালদো। এই মৌসুমে নামের পাশে গোল নেই। ভাগ্যের কী আশ্চর্য খেলা। দিয়েও যেন দিল না!না, বেশিক্ষণ অপেক্ষায় পুড়তে হয়নি। রোনালদো পেনাল্টি থেকে গোল আদায় করে নিয়েছেন। পর্তুগিজ উইঙ্গারের পাশাপাশি এই মৌসুমে গোলের খাতা খুলেছেন গঞ্জালো হিগুয়েইন আর করিম বেনজামাও। দুর্দান্ত না খেলেও শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল রিয়াল। গতকাল রাতে ভ্যালেন্সিয়া জিতে থাকলে অবশ্য জায়গাটি ছেড়ে দিতে হয়েছে রিয়ালকে।ওদিকে জার্মানির লিগে খুঁড়িয়ে শুরু করা বায়ার্ন মিউনিখ শেষ মুহূর্তের গোলে হফেনহেইমকে ২-১ গোলে হারিয়েছে। তাতে অবশ্য অবস্থানের বিশেষ হেরফের হয়নি। পয়েন্ট টেবিলের সাত নম্বরে গতবার লিগ আর কাপ দুটি শিরোপা জেতা বায়ার্ন। ভেদাদ ইভিসেভিচ ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে দিয়েছিল স্বাগতিক হফেনহেইমকে। পাক্কা এক ঘণ্টা সেই লিগ ধরে রাখার পর টমাস মুলারের গোলে সমতা ফেরে। ফন বাইটেনের গোলে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে পুরো তিন পয়েন্টই পেয়ে যায় বায়ার্ন। অবশ্য এই ম্যাচে একটা দুঃসংবাদও শুনতে হয়েছে তাদের। চোট নিয়ে মাঠ ছাড়া ফ্রাঙ্ক রিবেরি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন। আরিয়েন রোবেন নেই, এবার রিবেরিও থাকছেন না; বায়ার্নের সামনে দুর্গম পথ।হোসে মরিনহোর পথটাও খুব একটা সুগম বলে মনে হচ্ছে না। চ্যাম্পিয়নস লিগে তাদের সেই দুর্দান্ত ম্যাচটি বাদে এই মৌসুমে এখন পর্যন্ত রিয়ালকে সেভাবে ঝলসে উঠতে দেখা যায়নি। ২৯ মিনিটে পেনাল্টি থেকে রোনালদোর গোলের পর ৭৮ মিনিট পর্যন্ত ব্যবধানটা আর তারা বাড়াতে পারেনি। উল্টো এর মধ্যে গোল খেয়ে যাওয়ায় শঙ্কাতেই পড়ে গিয়েছিল তারা। ৭৯ মিনিটে হিগুয়েইনের গোল স্বস্তি দেয়। বদলি হিসেবে নামা বেনজামা ব্যবধানটি ৩-০ করে ফেলেন ৮৭ মিনিটে।স্বাগতিক দর্শকেরা শেষ পর্যন্ত তৃপ্তি নিয়েই ঘরে ফিরেছে। যদিও ম্যাচের বেশির ভাগ সময়ই বিদ্রূপের সিটি বেজেছে এদিনও। মরিনহোও মানছেন, দল তাঁর সামর্থ্যের পুরোটা ঢেলে দিতে পারেনি। তবে দলের খেলার ধরনের চেয়ে তাঁর মেজাজ বেশি চড়ে আছে বার্নাব্যুর মাঠের দশা দেখে। ‘বলতে পারেন, সব মিলে আমি খুশিই। কারণ আলুর ক্ষেতে এর চেয়ে ভালো আর কী খেলা সম্ভব। মাত্রই কদিন আগেও আমাদের আরেকটি ম্যাচ খেলতে হয়েছে, ধকল সামলে ওঠার ফুরসত মেলেনি। তা ছাড়া আমাদের প্রতিপক্ষ ছিল এমন এক দল, যাদের হারানোর কিছুই ছিল না’—মরিনহোর প্রতিক্রিয়া। ওয়েবসাইট।