জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যাবেন বলে বাংলাদেশ পুলিশ দলের গোলরক্ষক আজম খান ট্রেনিংয়ে ব্যস্ত ছিলেন টাঙ্গাইলে। পরশু রাতে তড়িঘড়ি করে বিশেষ ব্যবস্থায় ছুটি নিয়ে ঢাকায় এলেন ফেডারেশন কাপের বাছাইপর্বে খেলতে। তা ভালোই খেললেন আজম। তীব্র শীত উপেক্ষা করে গোটা পুলিশ দলই খেলল দারুণ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে কাল ৩-০ গোলে হারিয়ে পুলিশ উঠে গেল চূড়ান্ত পর্বে। ২০০৬ সালে নিটল-টাটা জাতীয় লিগের সেবা অঞ্চলের ফাইনালে খেলার পর এটাই তাদের সর্বোচ্চ অর্জন।ম্যাচের ১২ মিনিটে প্রথম এবং ২৫ মিনিটে দ্বিতীয় গোল করে আমিরুল এগিয়ে দেন পুলিশকে (২-০)। ৬৪ মিনিটে কবিরুলের গোলেই জয়টা নিশ্চিত করে ফেলে তারা। অবশ্য ৫৬ মিনিটে দেওয়ান মোহাম্মদ জুয়েল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে চট্টগ্রাম আবাহনী একটা গোল শোধই করে ফেলত। বিকেএসপি টাইব্রেকারে (৪-২) হারিয়েছে সেনাবাহিনীকে। শেষ ১২ মিনিট ১০ জনের দল হয়েও নির্ধারিত সময়ে বিকেএসপি ১-১ গোলে আটকে দেয় সেনাদলকে। গোল করেন বিকেএসপির রাতুল ও সেনাবাহিনীর দিদারুল। তবে জিতেও চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়নি বিকেএসপির। পরশু তাদের প্লে-অফ খেলতে হবে ওয়ারীর সঙ্গে।