জিতেও খুশি নন আবাহনী কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামালের বিপক্ষে গোছানো ফুটবল খেলে ১-১। কাল রহমতগঞ্জ ম্যাচটা আকাশি-নীলদের জন্য সহজই ছিল। আবাহনী জিতল ২-০ গোলে। স্কোরলাইনটা আরও বড় হতে পারত। একক প্রাধান্য নিয়ে খেলে মাত্র দুটি গোল—আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসিলিমির অতৃপ্তি দূর হচ্ছিল না কিছুতেই।‘অন্তত ৭-৮টি গোল হওয়া উচিত ছিল। মাঠে খেলোয়াড়দের মনোযোগ দেখলাম না। আগের ম্যাচটিই বরং ভালো খেলেছে আমার ছেলেরা’—ক্লাবে ফেরার সময় বলছিলেন আলী আকবর। কোচ অখুশি। তবে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা খুলে ফেলেছে আবাহনী। শেষ ম্যাচে শেখ রাসেলের কাছে আবাহনী যদি হারে এবং রহমতগঞ্জের বিপক্ষে শেখ জামাল যদি পুরো ৩ পয়েন্ট পায়, তাহলেই আবাহনীর বিদায় হতে পারে গ্রুপ পর্ব থেকে। রহমতগঞ্জের সঙ্গে শেখ জামাল ড্র করলে আবাহনী শেখ রাসেলের কাছে হেরেও চলে যাবে শেষ চারে। জটিল সমীকরণ গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারণ করে দিতে পারে—এই ভেবে আবাহনী চাইছিল রহমতগঞ্জের বিপক্ষে বড় জয়। সেটি হয়নি স্ট্রাইকারদের ব্যর্থতায়। ২০ মিনিটে আবাহনী পায় প্রথম গোল। ইমতিয়াজ জিতুর কর্নারে ফ্রাঙ্কের হেড লাগে ক্রসবারে। ফিরতি বল হেড করে জালে পাঠান অধিনায়ক প্রাণতোষ। দ্বিতীয় গোলটি আসে ৬২ মিনিটে। বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ের বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন তরুণ হাবিবুর রহমান (সোহাগ)। সোহাগ যে ফাউল থেকে ফ্রিকিক নিয়ে গোল করেছেন, সেটি ফাউল ছিল না দাবি করে রহমতগঞ্জের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেছেন, ‘রেফারি আবদুল হান্নান সব সময় আমাদের বিরুদ্ধে বাঁশি বাজান!’আজকের খেলাফেনী সকার-মুক্তিযোদ্ধা, মোহামেডান-ব্রাদার্স(বিকেল ৩টা ও বিকেল ৫-৩০ মি., বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর)