জিতেও খুশি নন ডাচ কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজন ছিল স্রেফ ড্র। ড্র করে নয়, হল্যান্ড গ্রুপ-সেরা হয়েছে ক্যামেরুনকে হারিয়েই। দলের খেলায় তবু সন্তুষ্ট নন বার্ট ফন মারউইক। টানা তিন ম্যাচ জয়ের পরও পরশু হল্যান্ড কোচের কণ্ঠে ছিল অসন্তুষ্টি, ‘আগের দুই ম্যাচের চেয়ে আজ (পরশু) আমরা অনেক বাজে খেলেছি। আমরা এমন একটা দলের সঙ্গে খেলছিলাম যারা ইতিমধ্যেই টুর্নামেন্টের বাইরে চলে গেছে, যাদের আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা প্রথম দল হল্যান্ড পরশু কেপটাউনে মুখোমুখি হয়েছিল প্রথম রাউন্ড থেকে বাদ পড়া প্রথম দল ক্যামেরুনের। শুরুতে বল বেশি দখলে রেখেছিল ক্যামেরুনই, গোলে প্রথম শটও নেয় তারা। ১১ মিনিটে আসু-একোতোর দারুণ একটি ক্রস নিয়ন্ত্রণে এনেও বাইরে মেরে দেন জাঁ মাকুন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হল্যান্ড। ১৯ মিনিটে একটি ক্রস বুক দিয়ে ধরে এক ডিফেন্ডারকে কাটিয়েও সোজা গোলকিপারের দিকে মেরে বসেন রবিন ফন পার্সি। দলকে প্রথম এগিয়েও দেন অবশ্য এই ফন পার্সি, ৩৬ মিনিটে রাফায়েল ফন ডার ভার্টের সঙ্গে চোখ ধাঁধানো ওয়ান টু ওয়ান খেলে দুরূহ এক কোণ থেকে বল জালে জড়ান আর্সেনালের স্ট্রাইকার। দলের এগিয়ে যাওয়ার চেয়েও এই গোল হল্যান্ড কোচকে বেশি স্বস্তি দিতে পারে আরেকটি কারণে। আগের দুই ম্যাচ নিষ্প্রভ থাকার পর অবশেষে কাল চেনা গেছে দলের বড় ভরসাদের একজন ফন পার্সিকে।ক্যামেরুন সমতা ফেরায় ৬৫ মিনিটে স্যামুয়েল ইতোর পেনাল্টি গোলে। দ্বিতীয়ার্ধে পুরো দলকেই অনেকটা নিষ্প্রভ দেখে ৭৩ মিনিটে আরিয়েন রোবেনকে মাঠে নামিয়ে দেন কোচ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়া উইঙ্গার কালই প্রথম মাঠে নামলেন। হল্যান্ডকে জয় এনে দেওয়া গোলটিতেও আছে তাঁর অবদান। ৮৩ মিনিটে রোবেনের একটি কিক গোলবারে লেগে ফিরে এলে ফিরতি বলে পা ছুঁইয়ে বল জালে জড়ান ইয়ান ক্লাস হান্টেলার।হল্যান্ড কোচকে সবচেয়ে বেশি ক্ষিপ্ত করেছে দলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স, ‘দ্বিতীয়ার্ধে আমরা খুব অলস ও এলোমেলোভাবে শুরু করেছি। আমার তো মনে হচ্ছিল ক্যামেরুন আরও গোল করে বসবে, আমরা হারব। ওরা গোল করার পরে আবার আমাদের খেলা ভালো হয়েছে।’২৮ জুন দ্বিতীয় রাউন্ডে হল্যান্ড খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে। এএফপি।