জিতেও খুশি নন ধোনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটা জয় দিয়ে শুরু করতে পারলেও নিজেদের পারফরমেন্স নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। পুরো দেড় দিন হাতে রেখে পাঁচ উইকেটের সহজ জয় পেলেও প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়টা ভুলতে পারছেন না ভারতীয় অধিনায়ক।ওয়েস্ট ইন্ডিজের ৩০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ২০৯ রানেই গুটিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। পিছিয়ে পড়েছিল ৯৫ রানে। গতকাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ধোনি বলেছেন, ‘যদি আমরা প্রথম ইনিংসে এগিয়ে যেতে পারতাম, তাহলে সেটা হতো সিরিজের একটা সুন্দর সূচনা। আমরা প্রথম ইনিংসে একেবারেই ভালো খেলতে পারিনি। যদি আমাদের ব্যাটসম্যানরা দেখে যে তারা কীভাবে আউট হয়েছে, তাহলে তারা নিশ্চয়ই ভাববে, তাদের আরও ভালো করা উচিত ছিল।’ অনেকেই দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের পিচকে দোষারোপ করলেও ধোনি ব্যাপারটা সেভাবে ব্যাখ্যা করেননি। তিনি বলেছেন, ‘আগে থেকেই, কোটলার উইকেট কিছুটা ভিন্ন ধরনের। কিন্তু আমি এটাকে খারাপ উইকেট বলব না। এখানে সব সময়ই স্পিন বেশি কাজে লাগে। ধীরগতির এই উইকেটে রান তোলাও একটু কঠিন।’