জিতেও খুশি নন পোরমুসলিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষে অগ্রজ সুজনের সঙ্গে হাত মেলাতে এগিয়ে গেলেন অনুজ সাইদুর। আবাহনীর ডিফেন্ডার সুজন সম্পর্কে সাইদুরের খালাতো ভাই। এ মৌসুমে সাইদুর খেলছেন উত্তর বারিধারায়। ম্যাচে দুই ভাইয়ের লড়াইকে প্রতীকী ধরে নেওয়া যায়। প্রিমিয়ার লিগে নবাগত উত্তর বারিধারার সঙ্গে লড়াইয়েও হারেনি পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শাহেদ ও ইব্রাহিমের গোলে আবাহনী হারিয়েছে উত্তর বারিধারাকে। অন্য ম্যাচে মুক্তিযোদ্ধাও ২-০ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্টে শীর্ষে উঠে এল আবাহনী। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা পাঁচে।

 ব্রাদার্সকে গত ম্যাচে হারিয়ে চমক দেখানো উত্তর বারিধারা চাইছে টেবিলেরও মাঝমাঝি থাকতে। সেটি নবাগত দলটির জন্য কঠিনই। তারা নিচের দিকেই আছে পয়েন্ট টেবিলে। তবে খেলায় উন্নতি হচ্ছে বারিধারার। ব্রাদার্স ম্যাচের চেয়েও কাল অনেক ভালো খেলেছে বারিধারা। শুধু অভিজ্ঞতার অভাবেই পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি।

১২ মিনিটে  মরিসনের ক্রস থেকে শাহেদের বাঁ পায়ের জোরালো শটে প্রথম গোল পায় আবাহনী। প্রায় এক বছর পর গোলের দেখা পেলেন আবাহনীর এই তরুণ মিডফিল্ডার। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আউডু ইব্রাহিম, আক্রমণের উৎস ছিল ডি সুজার ক্রস।

অন্তত একটি গোল শোধ করার ভালো সুযোগ পেয়েছিল বারিধারা। ৭২ মিনিটে বারিধারার নাইজেরিয়ান ফরোয়ার্ড আকিনদেলের শট প্রথমে হেডে ফেরানোর চেষ্টা করেন সুজন। বল ক্রসবারে লেগে ফিরলে আবারও জোরালো শট আকিনদেলের। এবার গোললাইন থেকে বল ক্লিয়ার করেন সেই সুজনই।

 আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমি জিতেও খুশি নন।  তাঁর কথা, ‘খেলোয়াড়দের মধ্যে পেশাদার মনোভাব মোটেও নেই। একটা গোল হলেই মনে করে জিতে গেছি। দ্বিতীয় গোল পাওয়ার চেষ্টাই করে না। এটা একটা মানসিক সমস্যা।’

বারিধারার কোচ আলমগীর হোসেন বলছিলেন, ‘আবাহনী কঠিন প্রতিপক্ষ। আমাদের অভিজ্ঞতাও কম। হারলেও আজ খুব ভালো খেলেছে ছেলেরা।’

মুক্তিযোদ্ধার জয়: শেখ রাসেলের পর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও জিতেছে মুক্তিযোদ্ধা। ম্যাচের ২২ মিনিটে এলিটা কিংসলের ক্রস থেকে এনকোচার শট সাইড পোস্টে লেগে জালে ঢোকে। ৮৬ মিনিটে সেই এনকোচাই ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। লিগে এটি মুক্তিযোদ্ধার তৃতীয় জয়। প্রিমিয়ার লিগে আজ খেলা নেই।