জিতেও খুশি হতে পারছেন না গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫৯ সালে লাস পালমাসের বিপক্ষে ৮-০ গোলে জিতেছিল বার্সেলোনা। ৫১ বছর পর আবারও প্রতিপক্ষের মাঠে সব চেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটা স্পর্শ করেছে তারা। শিষ্যদের এমন পারফরমেন্সে উল্লসিত হওয়ার কথা কোচ পেপ গার্দিওলার। কিন্তু তাঁর মন নাকি ভীষণ খারাপ। মন খারাপের কারণ তাঁর শিষ্যদের দোর্দণ্ড প্রতাপে চাকরি হারাতে হয়েছে ছেলেবেলার বন্ধু আলমেইরা কোচ লিলোকে। বার্সেলোনার কাছে ৮-০ গোলে পরাজয়ের পর আলমেইরা কর্তৃপক্ষ বরখাস্তের চিঠি ধরিয়ে দিয়েছে কোচ লিলোর হাতে।লিলোর অধীনে আলমেইরা গত বছর লিগ শেষ করেছিল ১৩তম অবস্থান নিয়ে। এ বছরও আলমেইরাকে কিংস কাপের শেষ ১৬-তে নিয়ে গিয়েছেন তিনি। কিন্তু লিলোর এসব অর্জন এক ম্যাচেই ধূলিসাত্ করে দিয়েছে বার্সা। গতকালের ম্যাচটার আগে লা লিগায় মোট ১১টি খেলায় সব মিলিয়ে প্রতিপক্ষরা মোট আটবার বল জড়িয়েছিল আলমেইরার জালে। কিন্তু বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচেই তাদেরকে হজম করতে হয়েছে আটটি গোল। বন্ধুর এমন দুর্দশায় দুঃখ প্রকাশ করে গার্দিওলা বলেছেন, ‘এটা আমার জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি। আমি তাঁকে বেশ কয়েক বছর ধরে চিনি। সে একজন চমৎ্কার মানুষ এবং অসাধারণ কোচ।’এদিকে এল ক্লাসিকোর আগে এমন পারফরমেন্সে আনন্দে ভাসছেন বার্সা সমর্থকেরা। এ জয়টা রিয়াল মাদ্রিদের ওপরেও মানসিক চাপ সৃষ্টি করবে বলেও মনে করছেন অনেকে। অবশ্য রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এমন কথা একেবারেই পাত্তা দিচ্ছেন না। বার্সার এই পারফরমেন্স সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘এই ৮-০ গোলের জয়টা আমার কাছে কোনো অর্থ বহন করে না। আগামী সোমবার আমাদের বিপক্ষে তারা ৮ গোল করতে পারে কি না দেখা যাক।’ রয়টার্স।