জিতেও দুয়ো শুনলেন মরিনহো
সমর্থকদের স্মৃতিশক্তি যেন গোল্ডফিশের মতো। বড্ড দুর্বল। বার্সেলোনার তিন মৌসুমের আধিপত্য খর্ব করে গতবার যে লিগ শিরোপা জিতিয়েছিলেন, সেটা অনেকেই এরই মধ্যে ভুল মেরে বসে আছে। যত কাছেই হোক, তার পরও অতীত দিয়ে নয়, সমর্থকেরা বিবেচনা করে বর্তমান। আর রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক খুঁড়িয়ে চলার ফলাফল হাতে-কলমে বুঝে পেলেন হোসে মরিনহো। পরশু কোপা ডেল রের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সমর্থকদের একটা অংশ বিদ্রূপের সিটি বাজিয়েছে তাঁকে উদ্দেশ করে। লা লিগার গত ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে যায় ‘আসল’ রিয়াল। এই পরাজয়ে বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান হয়ে গেছে ১১। লিগের তিন ভাগের এক ভাগ পেরোতে না-পেরোতেই শিরোপা হারিয়ে ফেলার শঙ্কায় রিয়াল সমর্থকেরা। বেটিসের ম্যাচটা ‘অ্যাওয়ে’ ম্যাচ ছিল। ফলে ঝালটা ভালোভাবে মেটানো যায়নি। পরশু নিজেদের মাঠে রিয়াল ফিরতেই ‘পাওনা’ বুঝিয়ে দিলেন ক্ষুব্ধ সমর্থকেরা। অবশ্য এদিন মাঠের খেলাও সমর্থকদের অধৈর্য করে তুলেছিল।কোপা ডেল রের ৩২ দলের রাউন্ডে রিয়ালের প্রতিপক্ষ ছিল পুঁচকে আলকোয়ানো। প্রথম লেগটা যাদের বিপক্ষে ৪-১ গোলে জিতে এসেছিল রিয়াল। এক পা দিয়েই রেখেছিল শেষ ১৬-এর পর্বে। তা হোক। কিন্তু ফিরতি লেগে গোল পেতে রিয়ালকে এমন ঘাম ঝরাতে হবে কেন? সমর্থকেরা তাই অধৈর্য হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত রিয়াল ৩-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৭-১) জিতেছে বটে, কিন্তু প্রথম গোলটা এসেছে ৭১ মিনিটে, অ্যাঙ্গেল ডি মারিয়ার সৌজন্যে। ৮৯ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন হোসে মারিয়া কায়েহন। রিয়াল অবশ্য এদিন দ্বিতীয় একাদশ নিয়েই খেলেছে। ‘বি’ দলের চার খেলোয়াড়কে মাঠে নামিয়ে ছিলেন মরিনহো। ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদোও।ম্যাচ শেষে এদিন সংবাদ সম্মেলনেও আসেননি মরিনহো। এসেছিলেন আইতর কারাঙ্কা। রিয়ালের সহকারী কোচ দর্শকদের বিদ্রূপ সম্পর্কে বলেছেন, ‘ডাগআউটে থাকলে অনেক কিছুই আপনার কানে আসবে। স্টেডিয়ামে আসা দর্শকদের পূর্ণ অধিকার আছে নিজের মত প্রকাশের। কেউ কেউ আপনার পক্ষে থাকবে, কেউ কেউ থাকবে বিপক্ষে। কিন্তু কেউ আমাদের পেশাদারি দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না।’এদিন রিয়াল সোসিয়েদাদ আর রায়ো ভায়োকানো বাদে সব ফেবারিটই জিতে পরের রাউন্ডে গেছে। দুই লেগ মিলিয়ে সোসিয়েদাদকে হারিয়ে দিয়েছে সেগুন্ডা ডিভিশনের দল করদোবা। দুই লেগের গোল গড়ে লাস পালমাসের কাছে হেরেছে ভায়োকানো। বড় অঘটনের শিকার হতে যাচ্ছিল মালাগা। লিগের ৪ নম্বরের দল, চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত খেলা মালাগা নিজেদের মাঠ ০-১ গোলে হেরেছে। তবে প্রথম লেগে ৪-৩ গোলে জেতায় অ্যাওয়ে গোলের সুবাদে তারা উঠেছে শেষ ষোলোতে। রয়টার্স।