বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনার একটা মাহাত্ম্য আছে। পৃথিবীর একমাত্র এই স্টেডিয়ামেই ম্যাচভেদে ছড়ায় লাল, নীল বা সাদা রঙের দ্যুতি। গত পরশুর ম্যাচে এটি সেজেছিল লাল রঙে। তবে রংটা নীল হলেই বেশি মানাত। ম্যাচ শেষে যে পরাজয়ে ‘নীল’ হতে হয়েছে বায়ার্নকে। তবে আর্সেনালের কাছে নিজেদের মাঠে ২-০ গোলে হেরেও শেষ আটে উঠে গেছে জার্মান-দৈত্যরা। আর্সেনালের মাঠ থেকে আগের লেগটা ৩-১ গোলে জিতে থাকায় দুর্ভাগ্য বরণ করতে হয়নি বায়ার্নকে। সামগ্রিক গোলের হিসাবটা ৩-৩, কিন্তু একটা অ্যাওয়ে গোলই গড়ে দিয়েছে ব্যবধান।আর্সেনালের জন্য ম্যাচটা ছিল ‘মিশন ইমপসিবল’। নিজেদের মাঠে ৩ গোল খাওয়ার পর পরের পর্বে যাওয়ার স্বপ্ন আর্সেন ওয়েঙ্গার একরকম বিসর্জনই দিয়েছিলেন। এই মৌসুমে বায়ার্ন যেমন ফর্মে, তাতে তাদের জয়টাই ছিল অপ্রত্যাশিত। কিন্তু খেলাটা যে ফুটবল! ম্যাচের তিন মিনিটের মাথায় আর্সেনালের অলিভিয়ের জিরু গোল করে অসম্ভবকে সম্ভব করার আশায় খানিকটা হলেও হাওয়া দিয়েছিলেন। বায়ার্নও নিজেদের মাঠে স্বভাববিরুদ্ধভাবে ছিল ছন্নছাড়া। কে জানে, সেটা হয়তো রিবেরি, শোয়েনস্টাইগার, বোয়াটেংদের ছাড়াই খেলার ফল। শুরুতেই পিছিয়ে পড়ার পর বায়ার্ন তাই আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো ৮৬ মিনিটে লরেন্ত কসিয়েলনি দ্বিতীয় গোল করে আর্সেনালকে অসম্ভব এক স্বপ্ন দেখিয়েছিলেন। শেষমেশ সেটা হয়নি। কিন্তু দলের এই দুর্দিনে এ রকম জয় নিয়ে ফেরাটাও তো গৌরবের।এই মৌসুমে শেষ ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিল আর্সেনাল। পরাজয়টাই যেখানে স্বাভাবিক ছিল, সেখানে এমন জয় খোদ ওয়েঙ্গারও আশা করেননি। দলকে নিয়ে তাই গর্বই করছেন আর্সেনাল কোচ, ‘আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম। দলের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’ শেষ গোলটা না পাওয়ার আক্ষেপটাও যেন পোড়াচ্ছে, ‘তৃতীয় গোলটা পাইনি। আর্সেনালের সব সমর্থকের জন্যই আমি হতাশ।’ ঘরের মাঠে প্রথম লেগে তৃতীয় গোলটাই দিন শেষে ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করছেন ওয়েঙ্গার, ‘খেলাটা ১৮০ মিনিটের। প্রথম ৯০ মিনিট আমরা একদমই ভালো খেলতে পারিনি। প্রথম খেলায় তৃতীয় গোলের মূল্যটাই আমাদের দিতে হয়েছে।’এবারের চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন অনেকেরই ফেবারিট। উড়তে থাকা বায়ার্নের আত্মবিশ্বাস খানিকটা হলেও টাল খেয়েছে এই ফলে। বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেসের কণ্ঠে তাই অসন্তুষ্টি, ‘আমরা খেলাটা নিয়ন্ত্রণ করতে পারিনি। শান্তও থাকতে পারিনি। তারা আমাদের ভালো একটা লজ্জাই দিয়েছে। আমাদের তিনজন খেলোয়াড় ছিল না। তবে এটা আজকের জন্য কোনো অজুহাত হতে পারে না।’ রাতের আরেক ম্যাচে মালাগা নিজেদের মাঠে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পর শেষ আটে স্পেনের তৃতীয় দল মালাগা। এএফপি।বায়ার্ন ০ আর্সেনাল ২সামগ্রিক গোল ৩-৩। অ্যাওয়ে গোল বেশি থাকায় শেষ আটে বায়ার্নমালাগা ২ এফসি পোর্তো ০সামগ্রিকভাবে ২-১ গোলে জিতে শেষ আটে মালাগা