জিতেও বিদায় লিবিয়ার
অম্লমধুর একটা দিন গেল লিবিয়ার। পরশু ৩০ বছর পর আফ্রিকান কাপ অব নেশনসে জয় পেয়েছে গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত দেশটি। ‘এ’ গ্রুপের ম্যাচে সেনেগালকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই হারে ফেবারিট হিসেবে টুর্নামেন্টে খেলতে আসা সেনেগাল বিদায় নিল একেবারে খালি হাতে। অন্যদিকে ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েও বিদায় হলো লিবিয়ার। আগেই কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া স্বাগতিক ইকুয়েটরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেছে জাম্বিয়া।সহ-স্বাগতিকদের স্বপ্নের দৌড় থামিয়ে দিয়ে জাম্বিয়া হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন। জাম্বিয়ার পয়েন্ট ৭ এবং ইকুয়েটরিয়াল গিনির পয়েন্ট ৬। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ক্রিস্টোফার কাটোঙ্গো ম্যাচের একমাত্র গোলটি করেন। গ্রুপের শীর্ষ দল হওয়ায় শেষ আটে ‘বি’ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন আইভরিকোস্টকে এড়ানোর সুযোগ পেয়ে গেল জাম্বিয়া। ‘কপার বুলেট’ জাম্বিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ অ্যাঙ্গোলা অথবা সুদান।ম্যাচ শেষে জাম্বিয়ার ফরাসি কোচ হার্ভি রেনার্ড বলেছেন, ‘আমাদের লক্ষ্যই ছিল গ্রুপের শীর্ষে যাওয়া এবং ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছানো। আজ সন্ধ্যায় হেরে গেলে আমরা বাদও পড়ে যেতে পারতাম। আমরা ড্রয়ের জন্য খেলিনি। আমরা মনেপ্রাণেই চেয়েছি গ্রুপসেরা হতে।’১৯৮২ সালের পর লিবিয়ার প্রথম জয়টিতে বড় অবদান ইহাব আল বুসেফির। খেলা শুরুর ৫ মিনিটেই দলকে এগিয়ে নেন এই স্ট্রাইকার। ছয় মিনিট পর ডেম্বে এনদিয়ের গোলে সমতায় ফেরে সেনেগাল। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে চমৎকার এক ভলিতে গোল করে লিবিয়াকে জিতিয়ে দেন সেই বুসেফিই। বাদ পড়লেও হতাশ নন লিবিয়ার কোচ মার্কোস পাকেটা, ‘লিবিয়াতে যা হয়েছে এবং যে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হয়েছে তাতে এই ফলটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ রয়টার্স।