প্রায় পুরো সময়টা খ্যাপাটে মনে হলো তাঁকে। ভয়ানক চটে আছেন। যে কবার ক্যামেরা ক্লোজে ধরল, প্রতিবার ঝাঁজালো ভাষায় কিছু একটা বলছেন। মানো মেনেজেসের মেজাজ ধরে রাখা আসলেই কঠিন ছিল। লম্বা সময় ধরে দর্শকের বিদ্রূপ হজম করতে হলো। ‘মানো তুমি বিদায় হও, ফেলিপে তুমি ফিরে আসো’—স্বাগতিক দর্শকেরা লুইস ফেলিপে স্কলারির নামে স্লোগান দিয়ে বুঝিয়ে দিয়েছে, কোচ হিসেবে ‘বিগ ফিল’কেই তারা আবার চায়। দর্শক বনাম মেনেজেসের এই লড়াইয়ে শেষ পর্যন্ত ব্রাজিল কোচই জিতলেন। শেষ মুহূর্তের পেনাল্টি গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল ব্রাজিল। এগিয়ে গেল দুই লেগ সুপার ক্লাসিকোর প্রথমটিতে। দর্শকদেরও চটে যাওয়ার কারণ আছে। ইউরোপীয় ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে কালকের এই ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশ খেলতে পারেনি। ব্রাজিলের বর্তমান তরুণ দলটার প্রায় সবাই স্থানীয় লিগেই খেলেন। ফলে শক্তির তারতম্য বিবেচনায় ব্রাজিল এগিয়ে ছিল অনেক। তা ছাড়া ম্যাচটিও ছিল নিজেদের মাঠে। ব্রাজিল শুরুটাও করেছিল দুর্দান্ত। প্রথম কুড়ি মিনিট পাত্তাই পায়নি আর্জেন্টিনা। কিন্তু স্রোতের বিপরীতে ব্রাজিলের গোলমুখে প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায় আর্জেন্টিনাই। আর্জেন্টিনাকে এগিয়ে দেন ব্রাজিলেরই করিন্থিয়ানসে খেলা হুয়ান ম্যানুয়েল মার্টিনেজ। ২৬ মিনিটেই অবশ্য সমতা ফেরায় ব্রাজিল। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে, নেইমারের ক্রস থেকে হেডে গোল করার আগে মিডফিল্ডার পওলিনহো অফসাইডে ছিলেন। ব্রাজিল অবশ্য তাদের এই দাপট ধরে রেখেই এগোতে থাকে। আর্জেন্টিনার রক্ষণ ভঙ্গুর বলে পরিচিত হলেও এদিন ছিল দুর্দান্ত। ব্রাজিলের একের পর এক সাজানো আক্রমণ আর্জেন্টাইন রক্ষণে হোঁচট খেয়েছে আর দর্শকের ধৈর্য ততটাই কমেছে। অবশেষে ভাগ্য ব্রাজিলের দিকে মুখ তুলে তাকায় একেবারে যোগ করা সময়ে। আর্জেন্টাইন ডিফেন্ডার লিয়ান্দ্রো দেসাবাতো বক্সের মধ্যে হ্যান্ডবল করায় পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল এনে দেন নেইমার। ২-১-এ জিতে গত জুনে নিউইয়র্কে মেসির হ্যাটট্রিকে ৪-৩ গোলে হারের শোধও নেয় ব্রাজিল। ব্রাজিলের এই জয় দক্ষিণ আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ের হিসাবেও ফিরিয়ে এনেছে সমতা। দুই দলই ৯৪ বার মুখোমুখি হয়ে জিতেছে ৩৫টি করে ম্যাচ।ম্যাচ শেষে মেনেজেস দাবি করেছেন, দারুণ খেলতে থাকা লুকাসকে তুলে নেওয়াতেই ক্ষুব্ধ হয়েছিল দর্শকেরা, ‘সমর্থকদের পছন্দ-অপছন্দ থাকবেই। কিন্তু আমার কাজ জাতীয় দলকে আরও ভালো করা। আমার সিদ্ধান্তটাই কাজে লেগেছে বলে আমরা জিতেছি।’ সুপারক্লাসিকোর দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনায়, ৩ অক্টোবর। রয়টার্স।