জিতেও সন্তুষ্ট নন ধোনি
আহমেদাবাদ টেস্ট দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুটা বেশ ভালোভাবেই করেছে ভারত। গতকাল চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকেরা পেয়েছে ৯ উইকেটের বড় জয়। স্পিনবান্ধব উইকেট থেকে যথেষ্ট সহায়তাও পেয়েছেন ওঝা-অশ্বিনরা। তার পরও সন্তুষ্ট নন মহেন্দ্র সিং ধোনি। শুরু থেকেই কেন স্পিনাররা উইকেটে বল ঘোরাতে পারেননি বা যথেষ্ট বাউন্স পাননি, তা নিয়ে খেদ প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক। সেই সঙ্গে বেশ কিছু ভুল সিদ্ধান্ত দেওয়ার জন্য তিনি আম্পায়ারদের প্রতিও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা, বীরেন্দর শেবাগ ও যুবরাজ সিংয়ের ভালো ব্যাটিংয়ে ৫২১ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। ১৯১ রানে অলআউট হয়ে ফলোঅনের লজ্জায় পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে অ্যালিস্টার কুক ও ম্যাট প্রিয়রের ম্যাচ বাঁচানোর চেষ্টাও শেষপর্যন্ত সফল হতে পারেনি। ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচলেও ৯ উইকেটের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইংলিশদের।এ রকম বড় ব্যবধানের জয় দিয়ে সিরিজ শুরু করার পরও অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মতে, আম্পায়াররা যদি ভুল সিদ্ধান্ত না দিতেন, তাহলে আরও আগেই শেষ হতে পারত আহমেদাবাদ টেস্ট। গতকাল ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে ধোনি বলেছেন, ‘বোলাররা খুবই ভালো পারফরম্যান্স দেখিয়েছে। স্পিনাররা প্রায় ৭০ বা ৮০ ওভার করে বল করেছে। অনেক কষ্ট করতে হয়েছে তাদের। আর যখন প্রতিপক্ষকে দুবার অলআউট করার জন্য খেলতে হয়, তখন কাজটা অনেক কঠিন হয়ে যায়।’৩৩০ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর চতুর্থ দিনে ১৯৯ রানে ৫টি উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে ১৫৭ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের দীর্ঘক্ষণ হতাশায় ডুবিয়ে রেখেছিলেন অ্যালিস্টার কুক ও ম্যাট প্রিয়র। কিন্তু আম্পায়াররা ভারতীয় বোলারদের নিশ্চিত এলবিডব্লিউর আবেদনে ইতিবাচক সাড়া দিলে এই দুই ব্যাটসম্যান অনেক আগেই ফিরতে পারতেন সাজঘরে। এ ধরনের বেশ কিছু ভুল সিদ্ধান্ত এসেছে পুরো ম্যাচে।আহমেদাবাদের স্পিনবান্ধব উইকেট থেকে প্রজ্ঞান ওঝা, রবীচন্দ্রন অশ্বিনরা অনেক সহায়তা পেলেও উইকেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ধোনি। তিনি বলেছেন, ‘আমি এ ধরনের উইকেট দেখতে চাই না। স্পিনাররা যথেষ্ট টার্ন ও বাউন্স পাননি। আশা করছি সামনের ম্যাচগুলোতে এমন উইকেট দেখব যেখানে একদম শুরু থেকেই বল ঘোরানো সম্ভব হয়।’ উইকেট নিজেদের অনুকূলে রাখার এমন প্রকাশ্য ঘোষণায় অনেকেই হয়তো ভিরমি খেতে পারেন। হয়তো আপত্তি জানাতে পারেন ম্যাচ রেফারিরাও। কিন্তু সেগুলো নিয়ে ভাবার কিছু নেই বলে ঘোষণা দিয়েছেন ধোনি। তাঁর ভাষায়, ‘উইকেটে বল টার্ন করেছে বলে ম্যাচ রেফারি প্রশ্ন তুলবেন—আমার তা মনে হয় না।’ ইএসপিএন।