জিতেও সমস্যা দেখছেন অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার
অস্কার

প্রথম ম্যাচে ৩-১ গোলের জয়। কিন্তু ব্রাজিলের হেক্সা অভিযানের জন্য পাড়ি দিতে হবে এখনো অনেকটা পথ। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতেও আত্মতৃপ্তির ঢেকুর তুলতে রাজি নন সেলেসাও প্লে-মেকার অস্কার। ঘরের মাটিতে বিশ্বকাপ জিততে হলে যে এখনো অনেক উন্নতি করতে হবে ব্রাজিলকে।
প্রথম ম্যাচে জেতার পরও অস্কার তাই বলছেন, ‘প্রথম ম্যাচটা সব সময়ই কঠিন, বিশেষ করে যদি কোনো দল দ্রুত গোল খেয়ে বসে। শুরুতেই গোল খেলেও আমরা ভালো খেলতে শুরু করি, এর ফলও পেয়েছি।’ প্রতিটি ম্যাচই ফাইনাল ধরে নিয়ে এগোতে চান অস্কার, ‘পরের ম্যাচ আবারও কঠিন হবে। আসলে এখন আমাদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। এখন আমরা সবাই এটাই ভাবছি, পরের ম্যাচ নিয়েও এমনটাই ভাবতে হবে।’
ব্রাজিল দলের অন্যতম সদস্য অস্কার। এটাও জানেন, তাঁর ওপর যথেষ্ট আস্থা আছে কোচ লুইস ফেলিপে স্কলারির, ‘ফেলিপাও দীর্ঘদিন ধরেই আমার ওপর আস্থা রেখেছেন। এটা নতুন কিছু নয়। তাঁর আস্থার প্রমাণ আমি মাঠেও রেখেছি। এটা গণমাধ্যমে তিনি বলেছেন। তিনি সব সময়ই আমাকে বিশ্বাস করেন।’
চমৎকার ভারসাম্যপূর্ণ একটা দল এবারের ব্রাজিল। শুধু তা-ই নয়, দলে কোনো রিজার্ভ বেঞ্চ নেই বলেও মনে হয়েছে তাঁর। বেঞ্চের খেলোয়াড়েরাও যেন মাঠের একাদশের সঙ্গে একাত্ম, ‘শুধু উইলিয়ানই ভালো অনুশীলন করছে না, রামিরেসও ভালো করছে। ভালো করছে হার্নানেসও। এখানে কোনো নিয়মিত বা রিজার্ভ বেঞ্চ বলে কিছু নেই।’
নিজের পারফরম্যান্স খারাপ হলে জায়গা ছেড়ে দিতেও আপত্তি নেই অস্কারের, ‘যদি খারাপ খেলি তাহলে আমার জায়গায় অন্য কেউ আসবে। গোল করবে এবং দলে টিকে যাবে। আমাকে প্রতিটি ম্যাচেই ভালো পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করতে হবে।’ ওয়েবসাইট।