জিতেও স্বস্তিতে নেই ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাব্রিগাস-পরবর্তী যুগের শুরুটা জয় দিয়েই করেছে আর্সেনাল। পরশু নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে উদিনেসকে ১-০ গোলে হারিয়েছে ‘গানার’রা। ‘সেস ফ্যাব্রিগাস ছাড়াও আর্সেনালে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে’—কোচ আর্সেন ওয়েঙ্গার বলেছিলেন ফ্যাব্রিগাসের চলে যাওয়া প্রসঙ্গে। আর সেই প্রতিভাবান খেলোয়াড়দের একজন থিও ওয়ালকটের গোলেই উদিনেসের বিপক্ষে জিতেছে আর্সেনাল।তবে ফ্যাব্রিগাস-ঝলক, বিশেষ করে তাঁর গোলের সুযোগ তৈরি করার সহজাত সামর্থ্যটা অনুভূত হয়েছে আর্সেনালের খেলায়। ওয়ালকট অবশ্য মাঝেমধ্যেই ঝলক দেখিয়েছেন, ৪ মিনিটে দুর্দান্ত এক ভলিতে আর্সেনালকে এগিয়ে দেওয়ার পর দুটি সহজ সুযোগও নষ্টও করেছেন ইংলিশ উইঙ্গার। সুযোগ নষ্ট করার মহড়ায় নেমেছিলেন উদিনেসের খেলোয়াড়েরাও। প্রায় পুরোটা সময় আর্সেনালের রক্ষণকে ত্রস্ত রেখেও সফরকারীরা যে গোল পেল না, এর কারণ সহজ সুযোগ কাজে লাগাতে না পারা। ভালো ফিনিশারের অভাবে ভুগেছে উদিনেস।ফ্যাব্রিগাস তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনায় চলে গেছেন। ছিলেন না ফরাসি মিডফিল্ডার সামির নাসরিও। মাঠে এই জুটির অভাব যেমন ছিল, ডাগ-আউটে আর্সেনাল তেমনি অভাব বোধ করেছে কোচ আর্সেন ওয়েঙ্গারের। গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে রেফারিকে অপমানজনক কথা বলার কারণে পার্শ্বরেখা নিষেধাজ্ঞা কাটিয়েছেন তিনি। ওয়েঙ্গারের জায়গা হয় ভিআইপি গ্যালারিতে। আগামী ম্যাচেও টাচলাইন নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারেন ওয়েঙ্গার। ফ্যাব্রিগাসকে ছাড়া বল দখলের লড়াই করতে থাকা আর্সেনালকে স্টান্ডে বসেই নির্দেশনা দিয়েছেন। ফোনে কথা বলেছেন ডাগ-আউটে থাকা কোচ বোরো প্রিমোরাকের সঙ্গে, যা উয়েফা নিয়মের বহির্ভূত। উয়েফার নিয়ম ভঙ্গ করার বিষয়টি মাঝবিরতিতে তাঁকে মনে করিয়ে দিয়েছেন ম্যাচ অফিশিয়ালরা।এ নিয়ে কথা বলতে হবে ভেবেই হয়তো ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে যাননি ওয়েঙ্গার। ইতালিতে অনুষ্ঠেয় দ্বিতীয় লিগ নিয়ে কথা বলেছেন গোলদাতা ওয়ালকট, ‘আমাদের এই ফলটা ধরে রাখতে হবে। ফল যা হয়েছে তাতে আমরা খুব খুশি।’ এএফপি।