জিতেছে আবাহনী, মোহামেডান
আবারও জিতেছে আবাহনী। কাল বিকেএসপিতে খেলাঘরকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া দলটি। এর আগে তারা হেরেছিল টানা ছয় ম্যাচে। সিসিএসের ম্যাচগুলো হিসাব থেকে বাদ দেওয়ায় আবাহনীর পয়েন্ট এখন আট ম্যাচে ৪। ২ পয়েন্ট নিয়ে খেলাঘর সবার নিচে। কাল জিতেছে মোহামেডান ও লিগের বিস্ময় প্রাইম দোলেশ্বরও। নয় ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া দুটি দলেরই সুপার লিগ প্রায় নিশ্চিত। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নেট রানরেটে সবার ওপরে গাজী ট্যাংক।
বিকেএসপিতে খেলাঘর অলআউট হয় ১৬১ রানে। ম্যাচসেরা ওপেনার ইয়াসির আলীর অপরাজিত ৭৯ রানে ৭৫ বল হাতে রেখেই জয় পেয়ে যায় আবাহনী। বগুড়ায় ব্রাদার্সের বিপক্ষে মোহামেডানের জয়ের নায়ক রাজিন সালেহ। কুয়াশায় দেরিতে শুরু হওয়া ম্যাচে জাতীয় দলের সাবেক ব্যাটসম্যানের ৯০ রানে ভর করে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটে ২৮২ রান তোলে মোহামেডান। ব্রাদার্স থেমে যায় ২৫৯ রানেই। রাজশাহীতে কলাবাগানের ২৪৩ রান ৩ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় দোলেশ্বর।
সং ক্ষি প্ত স্কো র
n খেলাঘর: ৪৬.৩ ওভারে ১৬১ (আরিফুল ৪৬, মাসুম ৩২*, ভ্যানডর্ট ২৬; আল আমিন-২ ৩/৩১, শামসুল ২/৩১, নাবিল ২/৩২)। আবাহনী: ৩৭.৩ ওভারে ১৬২/৪ (ইয়াসির ৭৯*, স্মিথ ২৬*, ওয়েসেলস ২৬; ফয়সাল ২/২৬, শুভাগত ১/১১, আল মাহমুদুল ১/২৪)।
ফল: আবাহনী ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ইয়াসির আলী।
n মোহামেডান: ৪৩ ওভারে ২৮২/৮ (রাজিন ৯০, এজাজ ৫১, স্টানিকজাই ৪৭; সানজামুল ২/৪৯, আরভিন ২/৬৩)। ব্রাদার্স: ৪৩ ওভারে ২৫৯/৯ (সামারাবীরা ৭৮, সানজামুল ৫৩*, নাফীস ২৫; হাবিবুর ৩/৫১, নবী ২/৪৮)।
ফল: মোহামেডান ২৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রাজিন সালেহ।
n কলাবাগান কেসি: ৫০ ওভারে ২৪৩/৭ (শাফায়েত ৬০, মুবারক ৫১, ফরহাদ ৪৩; শফিউল ৩/৫৬, ফরহাদ রেজা ২/৫৭)। দোলেশ্বর: ৪৭ ওভারে ২৪৪/৭ (ম্যালান ৭৫, মেহেদী ৪৭, রনি ৪২; ইমামুল ৩/২১, শাফায়েত ২/২৬)।
ফল: দোলেশ্বর ৩ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ম্যালান।