জিতেছে তো মেসির জিনিয়াস!

আর্জেন্টিনা জিতল, না মেসির জিনিয়াস?
প্রশ্নটা সবার মনেই ছিল। সংবাদ সম্মেলনেও সেটি উঠল। আলেসান্দ্রো সাবেলা উত্তরটা দিলেন বড় সুন্দর, ‘আজ যে ১১ জন শুরু করেছে, যে তিনজন বদলি হিসেবে নেমেছে, ওরা জিতেছে। তবে আমাদের দলে মেসি নামে একজন জিনিয়াস ছিল। আমরা সৌভাগ্যবান, ও একজন আর্জেন্টাইন। যেকোনো দলই মেসিকে পেতে চাইবে, কিন্তু ও শুধু আমাদের।’
তা ওই জিনিয়াস নিজে কী বললেন? উত্তরটা দিলেন আসলে অধিনায়ক মেসি। ‘...আমরা ভালো খেলতে পারিনি ঠিকই, তবে যতই এগোব, খেলা ভালো হবে। যে ভুলগুলো করেছি, সেসব শুধরে নেওয়ার চেষ্টা করব। একটা ভালো ব্যাপার যে আমরা দ্বিতীয় রাউন্ডে উঠে গেছি। এতে মানসিক শান্তিটা পাওয়া যাচ্ছে। নইলে নাইজেরিয়া ম্যাচে মনে অশান্তি থাকত....।’ ইত্যাদি।
দুই কোচের সংবাদ সম্মেলন শেষে ম্যান অব দ্য ম্যাচ আসার নিয়ম। ফিফার কর্মকর্তা শুধু ম্যান অব দ্য ম্যাচ আসছেন, এটুকুই জানিয়েছিলেন, কারও নাম নয়। লিওনেল মেসিকে দেখে সবাই একটু বিস্মিতই। সেই বিস্ময় পরে মিডিয়া সেন্টারেও ঘুরে বেড়াল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচনটা কীভাবে হয়? কে বা কারা করেন?
বসনিয়ার বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত ওই গোলটি ছাড়া তেমন কিছুই করতে পারেননি মেসি। ইরানের বিপক্ষেও তা-ই। অথচ দুই দিনই তিনি ম্যাচের সেরা। তাহলে কি জয়সূচক গোল করাটাই ম্যান অব দ্য ম্যাচ হওয়ার জন্য যথেষ্ট? বসনিয়ার ম্যাচে বাকিরাও যেহেতু তেমন কিছু করেননি, মেসির সেরার স্বীকৃতি পাওয়া নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু আর্জেন্টিনা-ইরান ম্যাচের সেরা খেলোয়াড় তো দুই গোলরক্ষক। সাবেলাও যাঁদের প্রশস্তি না গেয়ে পারেননি। সঠিক বিচার হতো রোমেরো ও হাগিগি যৌথভাবে ম্যাচসেরা হলে। না, মেসির ওই গোলটিতেও হাগিগির কোনো দায় নেই। সাবেলা তো বলেই দিলেন, ‘দুজন গোলরক্ষক মিলেও ওটি ঠেকাতে পারত না।’
ইরান ম্যাচে মেসির যদি কোনো পুরস্কার প্রাপ্য থাকে, সেটি ‘মোমেন্ট অব দ্য ম্যাচ’-এর। ম্যাচের সেরা মুহূর্তটির জন্ম দেওয়ার জন্য। মেসির কাছে তা আরও বিশেষ হয়ে আছে সমর্থকদের আনন্দ দেখে, ‘গোলটি করার পর সমর্থকদের চিৎকার শুনে, ওদের মুখে হাসি দেখে খুব ভালো লাগছিল। এত কষ্টের পর শেষ মুহূর্তে গোলটা এসেছে বলে অনুভূতিটা আরও দারুণ।’
সমর্থকদের কাছে এমনিতেই আর্জেন্টিনা দলের অনেক দেনা জমেছে। এই বিশ্বকাপে সেটি আরও বাড়ছে। মাঠের খেলা এখনো মন ভরাতে ব্যর্থ হলে কী হবে, আর্জেন্টাইন সমর্থকেরা সবার মন ভরিয়ে দিচ্ছেন। নিজেরা সাদা-নীল রঙে সাজছেন, রাঙিয়ে দিচ্ছেন বিশ্বকাপকেও। গত পরশু এস্তাদিও মিনেইরোতেও সাদা-নীলের ঢেউ। তবে মাঠে সেই ঢেউ যেমন ইরানি দেয়ালে মাথা কুটে মরল, গ্যালারিতেও ক্রমেই আর্জেন্টাইন নিনাদ চাপা দিয়ে উচ্চকিত হয়ে উঠল ইরানিদের চিৎকার। আর্জেন্টাইনদের তুলনায় সংখ্যায় এক-দশমাংশও হয়তো নয়। প্রথমার্ধে শুধুই প্রতিরোধের পর বিরতির পর বেশ কবার গোল করে বসার সম্ভাবনা জাগানো বাড়িয়ে দিল তাঁদের গলার জোর। আরবি গান-টান গাইলে আর্জেন্টাইনরা বুঝবে না বলেই কি না লাতিন আমেরিকান ট্রেডমার্ক ‘ওলে ওলে’ ধার নিয়ে ‘ওলে ওলে ইরান’-কেই গান বানিয়ে নিল তাঁরা। মেসির গোলে যা স্তব্ধ হয়ে গেল।
মেসি তখন বুড়ো আঙুল চুষছেন। গ্যালারিতে শিশুপুত্রকে নিয়ে স্ত্রী, গোলটা ছেলেকেই উৎসর্গ করলেন খুদে জাদুকর। যে গোলের মাহাত্ম্য আরও বেড়ে যাচ্ছে ইরান নিখুঁত পরিকল্পনার এক ম্যাচ খেলে আর্জেন্টাইনদের জীবন ওষ্ঠাগত করে তোলায়। ম্যাচটা কেমন কঠিন ছিল, সেটিও সবিস্তারে বললেন মেসি। ইরানিরা কোনো জায়গাই দেয়নি, গরমটাও খুব ভোগাচ্ছিল এসব বলার পর একটু ঘুরিয়ে ইরানিদের নিখুঁত মার্কিংয়ের প্রশংসাই করলেন, ‘আমার আর ডি মারিয়া খেলার যে ধরন, তাতে একটু জায়গা লাগে। কিন্তু ওরা সেই জায়গাটাই দেয়নি বলে আমরা ছন্দেই আসতে পারিনি।’
সেই ছন্দহীনতাতে বিরক্ত হয়েই কি না ডিয়েগো ম্যারাডোনা প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গ্যালারি থেকে উঠে গেলেন। বসেছিলেন আর্জেন্টাইন ডাগ-আউটের ঠিক পেছনে। যাওয়ার সময় যথারীতি চারপাশে শোরগোল। প্রথম দুই ম্যাচে পারফরম্যান্সের যা ছিরি, তাতে সাবেলার মাথায়ও হাজারো প্রশ্নের শোরগোল তোলার কথা। আর্জেন্টাইন এক সাংবাদিক প্রশ্নও করলেন, দলের অবস্থা দেখে আপনি কি একটু উদ্বিগ্ন? সাবেলা জবাব দিলেন, ‘ফুটবলে এমন হয়। যদিও হওয়া উচিত নয়। আপনি যেমন উদ্বিগ্ন, আমিও তেমনি উদ্বিগ্ন।’
ইরানের কোচ কার্লোস কুইরোজ ম্যাচের নির্ধারকের ভূমিকায় মেসিকে তো রাখছেনই, সঙ্গে রেফারিকেও। ‘ন্যায্য একটা পেনাল্টি’ থেকে রেফারি বঞ্চিত না করলে মেসির গোলে তো ম্যাচ ১-১ হয়। ‘এই ম্যাচে পরাজয়টা আমাদের প্রাপ্য নয়’—কুইরোজের এই দাবির সঙ্গে একমত না হয়ে উপায় নেই।
এই বিশ্বকাপের ৩২ দলের মধ্যে ইরানের প্রস্তুতিই সম্ভবত সবচেয়ে খারাপ হয়েছে। রাজনীতি যে থাবা বাড়িয়েছে ফুটবলেও। অর্থনৈতিক অবরোধের ফাঁস গলায় জড়ানোয় দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। রাজনৈতিক কারণে ইরানে যেতেও রাজি করানো যায়নি বড় কোনো দলকে। সবকিছু মিলিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করার পর ১১৯ দিন কোনো ম্যাচই খেলতে পারেনি ইরান। সেই ইরানই আরব্য রজনীর গল্প প্রায় লিখেই ফেলেছিল।
শেষ পর্যন্ত অবশ্য সেই গল্পের শেষটা বিয়োগান্তই হয়ে রইল। লিওনেল মেসি নামে একজন জিনিয়াস যে ছিলেন আর্জেন্টিনা দলে!