জিতেছে রাজশাহী
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে জিতেছে রাজশাহী। গতকাল ফতুল্লায় বরিশালকে ১১৬ রানে হারিয়ে এবারের লিগে চতুর্থ জয়টি তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চট্টগ্রামে ঢাকা ও সিলেটের ম্যাচটি হয়েছে ড্র। ড্র করেও ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঢাকা, দ্বিতীয় রাজশাহীর পয়েন্ট ৬৭।রাজশাহীর বিপক্ষে তৃতীয় দিনের ৩ উইকেটে ৬৪ রান নিয়ে খেলতে নেমে বরিশাল অলআউট হয় ২৮৫ রানে। সাত নম্বরে নামা তারিক আহমেদের ক্যারিয়ার-সেরা অপরাজিত ৯২ রানও বাঁচাতে পারেনি বরিশালকে। শেষ দুই বলে ২ উইকেট নেওয়া ফরহাদ রেজা পেয়েছেন ৪ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাজশাহীর ধীমান ঘোষ। চট্টগ্রামে আগের দিনের ৫ উইকেটে ১২৭ করা সিলেট ৮ উইকেটে ১৬৫ করার পর ইনিংস ঘোষণা করে। গোলাম মাবুদ সর্বোচ্চ ৭২ রান করেন। ঢাকার মোশাররফ হোসেন ৪টি ও মাহবুবুল আলম ৩টি উইকেট নিয়েছেন। ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একপর্যায়ে ৬৬ রানে ৩ উইকেট হারানো ঢাকা শেষ পর্যন্ত ৭১ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান করে। মার্শাল আইয়ুব সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন। সিলেটের রাজিন সালেহ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।