মাত্র চার দিনের ব্যবধানে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিকের সুবাদে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৪-১ গোলের বিরাট জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪২, ৭৯ ও ৮১ মিনিটে গোল করে এই পর্তুগিজ তারকা পূরণ করেন তাঁর হ্যাটট্রিক। অপর গোলটি আসে ফরাসি তারকা করিম বেনজেমার এক দুর্দান্ত বাইসাইকেল শট থেকে। আয়াক্সের পক্ষে একমাত্র গোলটি করেন নিকলাস মইসানদার।এদিকে, এসি মিলান ৩-২ গোলে হারিয়েছে বড় বাজেটের দল জেনিত সেইন্ট পিটারসবার্গকে। ম্যাচের ১৩ মিনিটে এমুয়েলসনের গোলে এগিয়ে যায় এসি মিলান। ১৬ মিনিটে স্টিফেন এল স্যারোয় ব্যবধান দ্বিগুণ করেন। গোল খেয়ে পিছিয়ে পড়া জেনিতকে খেলায় ফেরান হালক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হালকের এই গোল নতুন উদ্যম এনে দেয় জেনিতের খেলায়। দ্বিতীয়ার্ধের শুরুতে রুশ স্ট্রাইকার শিরোকভ জেনিতকে ফিরিয়ে আনেন সমতায়। তবে ৭৫ মিনিটে জেনিতের সর্বনাশ করেন টমাস হাবোকন। তাঁর আত্মঘাতী গোলেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।এদিকে, মারিও বালোতেল্লির শেষ মুহূর্তের পেনাল্টি গোল মান বাঁচিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। নিজেদের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করেছে জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বুরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। ম্যাচের ৬২ মিনিটে মার্কো রিয়াসের গোলে এগিয়ে যায় বুরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের শেষ মুহূর্তে সার্জিও অ্যাগুয়েরোর ভলি বুরুশিয়ার বক্সের মধ্যে নেভেন সুবোটিকের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। মারিও বালোতেল্লি ঠান্ডা মাথায় সেই পেনাল্টি থেকে গোল করে চ্যাম্পিয়নস লিগে আরও একটি পরাজয়ের হাত থেকে রক্ষা করেন দলকে। অপর ইংলিশ দল আর্সেনাল মোটামুটি সহজ জয় পেয়েছে অলিম্পিকোসের বিপক্ষে। আর্সেনালের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে গানার্সদের জয় ৩-১ গোলে। ম্যাচের ৪২ মিনিটে জারভিনহোর গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে মিত্রোগলুর গোলে সমতা ফেরায় অলিম্পিকোস। ৫৬ মিনিটে লুকাস পোডলস্কি আবার এগিয়ে দেন আর্সেনালকে। খেলার অতিরিক্ত সময়ে অ্যারন র্যামসের গোল চমত্কার একটি জয় এনে দেয় আর্সেনালকে। রয়টার্স।