
ফ্রেঞ্চ ওপেনে ছেলেদের বিভাগে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন অ্যান্ডি মারে ও ডেভিড ফেরার। গতবারের রানার্সআপ ফেরার ৬-৪, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন হল্যান্ডের ইগোর সিজলিংকে।
৩২ বছর বয়সী ফেরার দ্বিতীয় রাউন্ডে খেলবেন ইতালির সিমনে বোলেল্লির সঙ্গে। সর্বশেষ নয়টি প্রধান প্রতিযোগিতাতেই কমপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলা ফেরারের লক্ষ্য এবার রোঁলা গাঁরোর অনন্য ট্রফিতেই।
এদিকে, দ্বিতীয় রাউন্ডে উঠেছেন অ্যান্ডি মারেও। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন আর ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালিস্ট এই ব্রিটিশ তারকা ৬-১, ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে হারান কাজাখস্তানের অ্যান্ড্রি গোলুবেভকে।
মারের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মারিনকো মাতোসেভিচ। মাতোসেভিচ হারিয়েছেন ডাস্টিন ব্রাউনকে। ১৩ বারের প্রচেষ্টায় এই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় জয় পেলেন এই অস্ট্রেলীয়।
মোটামুটি সহজ জয় পেলেও গোলুবেভবের বিপক্ষে শুরুর দিকে একটু যে জড়তার মধ্যে ছিলেন মারে। ম্যাচ শেষে সাংবাদিকদের তাঁর কৈফিয়তই যেন দিলেন তিনি, ‘এই কোর্টে খেলাটা অনেক কঠিন। তাই এতে আপনি সব সময়ই যে নিজের সেরা খেলাটা খেলবেন, এমনটা আশা করা ঠিক না।’ এএফপি।