জিদান ও স্পেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনেদিন জিদান পড়েছেন যাকে বলে ত্রিমুখী সমস্যায়। ফ্রান্স তাঁর দেশ। মার্শেইয়ে নাড়ি পোঁতা। বিশ্বকাপে তাই ‘জিজু’ প্রার্থনা করবেন ফ্রান্সের শিরোপার। আলজেরিয়ার জন্যও হূদয়ের একটা অংশ বরাদ্দ দিতে হবে তাঁকে। আফ্রিকার এই দেশেই তো তাঁর পূর্বপুরুষের ভিটেমাটি। কিন্তু ফুটবল তো হূদয়ের জোরে চলে না, খেলাটাই আসল। আর সেই খেলার অভিজ্ঞতা থেকে জিদান বলছেন, বিশ্বকাপের ফেবারিট আসলে স্পেন!‘মন তো বলবে ফ্রান্সের কথাই। আমি চাই আলজেরিয়াও বিশ্বকাপে ভালো করুক। কিন্তু যুক্তি দিয়ে দেখলে, স্পেনকেই আমি ফেবারিট বলব’—বলেছেন ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালের নায়ক এবং ২০০৬ বিশ্বকাপ ফাইনালের ‘খলনায়ক’। যুক্তিটাও ব্যাখ্যা করেছেন পেশাদার ফুটবল থেকে ২০০৬ বিশ্বকাপের পরই অবসর নিয়ে নেওয়া এই সাবেক প্লেমেকার, ‘স্পেনকে আমি বেছে নেব কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। কারণ কয়েক বছর ধরে ওরা দেখিয়ে দিয়েছে ওরা কী দুর্দান্ত একটা দল! বিশ্বকাপে তাই বড় কিছু ওরা করতেই পারে।’কিন্তু স্পেনের যে একটা রোগ আছে। বিশ্বকাপে গেলেই যে তাদের সব এলোমেলো হয়ে যায়! অনেক বিশ্বকাপই তারা শুরু করেছে জিদানের ভাষায় ‘বড় কিছু করা’র স্বপ্ন নিয়ে। কিন্তু শেষটা হয় আশাভঙ্গের বেদনায়। গত বিশ্বকাপে তো বাদ পড়ে গেল দ্বিতীয় রাউন্ডেই!বিশ্বকাপ শিরোপা যে স্পেন আজও জিততে পারেনি—এটা তো বুঝতেই পারছেন। স্পেন আসলে সেমিফাইনালের চৌহদ্দিতেই পা রাখতে পারেনি একবারও। ফরম্যাটের সুবিধায় চতুর্থ হয়েছিল একবার, সেটাও ১৯৫০ সালে, স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের জন্মই হয়নি তখনো!কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দলটির পেছনে এবার জিদানের মতো মহারথীদের অনেকেই বাজি ধরছেন। গোলপোস্টের নিচে ইকার ক্যাসিয়াস; ডিফেন্সে কার্লোস পুয়োল, সার্জিও রামোস, জেরার্ড পিকে; মাঝমাঠে ইনিয়েস্তা-জাভি; আক্রমণভাবে ফানার্ন্দো তোরেস, ডেভিড ভিয়া। গত বছরের ফিফা বর্ষসেরা একাদশের চারজনই ছিল স্পেনের। ২০০৭ থেকে ২০০৯ যে দুর্দান্ত কেটেছে তাদের।বিশ্বকাপ ব্যর্থতা দ্রুত ভুলে এ সময় টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা ছুঁয়েছে ‘লা রোজা’রা। এ সময়ই জিতেছে টানা ১৫ ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বে একমাত্র দল হিসেবে ১০ ম্যাচের সবগুলো জিতেছিল স্পেন। ৪৪ বছর পর ২০০৮ সালে জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।এই স্পেন অপ্রতিরোধ্য। অপরাজেয়। জিদান তাই মনে করেন, তাঁদের মতোই ইউরো আর বিশ্বকাপ শিরোপা পরপর জেতার ‘ডাবল’-এর কীর্তি এবার গড়তে যাচ্ছে স্পেন, ‘এটা আমাকে আমাদের ১৯৯৮ আর ২০০০ সালের কীর্তির কথা মনে করিয়ে দেয়। অবশ্য সেটা হয়েছিল উল্টো দিক থেকে (ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল আগে, এরপর ইউরো)। ২০০৮ সালে স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে, বিশ্বকাপ কেন নয়? ফ্রান্সের দিক থেকে দেখলে, আমি তো অবশ্যই চাইব এটা যেন না হয়। কিন্তু আমি দিব্যি দেখতে পাচ্ছি, এটাই হতে চলেছে!’ ওয়েবসাইট।