জিদান-জাদুতে শিরোপা ফ্রান্সের
বিংশ শতকের শেষ বিশ্বকাপ ফিরে আসে সেই জুলেরিমের দেশ ফ্রান্সে। ফিফার সাবেক সভাপতি জুলেরিমেকে বিশ্বকাপ ফুটবলের জনকই বলা যেতে পারে। ২৪ বছর পর ১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলই ছিল এই বিশ্বকাপের অবিসংবাদিত ফেবারিট। রোনালদো নামের এক টেকো মাথার ব্রাজিলীয় ফুটবলারের জনপ্রিয়তা তখন তুঙ্গস্পর্শী। বিশ্বকাপের আগের দুই বছর নেদারল্যান্ডের ক্লাব পিএসভি আইন্দহোভেন ও স্প্যানিশ বার্সেলোনার হয়ে একের পর এক গোল বিশ্বের ফুটবলামোদীদের কাছে রোনালদো পরিচিত হয়ে গিয়েছিলেন গোলমেশিন হিসেবে। রোনালদো নিজেও নিজের ফর্ম বিচারে ঘোষণা দিয়ে বসলেন ’৯৮-এর বিশ্বকাপে জাস্ট ফন্টেইনের রেকর্ড ভাঙার। ১৯৫৪ সালে ফরাসি তারকা জাস্ট ফন্টেইন ১৪ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হন। সেই রেকর্ড আজও ভাঙতে পারেনি কোনো ফুটবলার। রোনালদো ’৯৮-এর বিশ্বকাপে শেষ পর্যন্ত ১৪ গোলের ধারে কাছেও পৌঁছতে পারেননি। তাঁর বিশ্বকাপ শেষ হয়েছিল ৪ গোল দিয়ে। অবিসংবাদিত ফেবারিট ব্রাজিলও চ্যাম্পিয়ন হতে পারেনি। ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে একপেশে ফাইনাল উপহার দিয়েছিল ‘সাম্বা’রা। জিনেদিন জিদান নামের এক ফরাসি তারকার কাছে হেরে যায় পুরো ব্রাজিল দল। মাঠের বাইরের কিছু ব্যাপারে বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বিতর্কিত ও আলোচিত ফাইনাল হয়ে আছে এটি।আগেই বলা হয়েছে, বিংশ শতাব্দীর শেষ বিশ্বকাপ ছিল এটি। এর আগেই বিশ্বকাপের আকাশসম জনপ্রিয়তা বুঝতে পেরে আরও বেশিসংখ্যক দলকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় ফিফা। এ বিশ্বকাপে প্রথমবারের মতো ৩২টি দল অংশগ্রহণ করে। ম্যাচের সংখ্যায় বেড়ে যায় ৬৪টিতে। ফরাসি সৌন্দর্যে বুঁদ হয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপ প্রাণভরে উপভোগ করে বিশ্ববাসী। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সারা পৃথিবীর প্রশংসা কুড়ায় ফ্রান্স।ব্রাজিলের পাশাপাশি এ বিশ্বকাপে ফেবারিটের তকমা আঁটা ছিল ইতালি, নেদারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড ও আর্জেন্টিনার গায়ে। ফ্রান্স ১৯৮৬ সালের বিশ্বকাপ খেলে মাঝখানের দুটি বিশ্বকাপে অনুপস্থিত থাকার পর সম্পূর্ণ নতুন একটি দল নিয়ে বিশ্বকাপে ফিরে আসে, জিনেদিন জিদান, মার্সেলো দেশাই, লিজারাজু, ফ্যাবিয়েন বার্থেজ, দিদিয়ের দেশ্যাম্প, লিলিয়াম থুরাম, ইমানুয়েল পেটি, থিয়েরি অঁরি, নিকোলাস অ্যানেলকা, ক্রিস্টোফ ডুগেরি প্রমুখ খেলোয়াড়েরা প্রথম থেকেই মনোমুগ্ধকর খেলা উপহার দিয়ে ফ্রান্সকে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন।বিশ্বকাপের আগে ব্রাজিলের দল নির্বাচন নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক সৃষ্টি হয়। কোচ মারিও জাগালো দল থেকে বাদ দেন ’৯৪-এর সফল তারকা রোমারিওকে। রোমারিওর অনুপস্থিতিতে শেষ পর্যন্ত ব্রাজিলকে দিতে হয়েছিল চড়া মূল্য। সত্যিকার অর্থে সেবার রোমারিওর অনুপস্থিতিতে রোনালদোর ওপরই পুরো ব্রাজিল দলের গোল করার চাপ ছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার কারণ বলা যেতে পারে সেটিই। ১৯৭৮ সালের বিশ্বকাপের পর সেবারই এশিয়ার প্রতিনিধি হিসেবে বিশ্বকাপে ফিরে আসে ইরান। ইরান-যুক্তরাষ্ট্রের ম্যাচটি ’৯৮-এর বিশ্বকাপের অন্যতম স্মরণীয় ম্যাচ হিসেবে পরিচিত। এটিকে ‘রাজনৈতিক ম্যাচ’ হিসেবে আখ্যায়িত করলেও অত্যুক্তি হয় না। ইরান সেই ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে। ১৯৯৮ সালের বিশ্বকাপের সেরা তারকারা ছিলের নেদারল্যান্ডের ডেনিস বার্গক্যাম্প, এডগার ডেভিডস, সিডর্ফ, ইতালির ক্রিশ্চিয়ান ভিয়েরি, ক্রোয়েশিয়ার ডেভর সুকার, রবার্ট প্রসিনেস্কি, রুমানিয়ার ড্যান পেত্রেসেকু, ব্রাজিলের রবার্তো কার্লোস প্রমুখ। ইংল্যান্ডের ক্যারিশমাটিক তারকা ডেভিড বেকহাম ও তরুণ তুর্কি মাইকেল ওয়েনের উত্থানের বিশ্বকাপ ছিল এটি।’৯৮-এর বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময় ছিল সদ্যই যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়া ক্রোয়েশিয়া। এই দলটির অনেক তারকা ১৯৯০ সালের বিশ্বকাপে যুগোস্লাভিয়া দলের হয়ে খেলেছিলেন। ক্রোয়েশিয়া দল বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে আর্জেন্টিনা, জ্যামাইকা ও জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় রাউন্ডে রুমানিয়াকে ১-০ গোলে ও কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জার্মানিকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে বিস্ময়ের সৃষ্টি করে দলটি। শেষ পর্যন্ত সেমিফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে ২-১ গোলে দুর্ভাগ্যজনকভাবে হেরে বিশ্বকাপে স্বপ্নযাত্রা শেষ হয় ক্রোয়েটদের। তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী খেলায় নেদারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে অনন্য সাফল্যের নজির সৃষ্টি করে ক্রোয়েশিয়া।এ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি স্মরণীয় হয়ে আছে সবার জন্য। কয়েকটি ব্যাপারে এই ম্যাচটি বিতর্কিত হয়ে ওঠে। ইংল্যান্ডের তারকা ডেভিড বেকহামকে লাল কার্ড পেতে ‘প্ররোচিত’ করেন ডিয়েগো সিমিওনি—এমন একটি অভিযোগ তোলে ইংলিশ মিডিয়া। এই ম্যাচেই চারজন আর্জেন্টাইন ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে এক অসাধারণ গোল করেন ১৮ বছর বয়সী মাইকেল ওয়েন। এই গোলটিকে পরে বিশ্বকাপের ‘গোল অব ফেমের’ মর্যাদা দেওয়া হয়। নির্ধারিত সময়ে সেই ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর আর্জেন্টিনা টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। ’৯৮-এর বিশ্বকাপ উপহার দেয় আরও একটি ইংলিশ স্বপ্নভঙ্গ। ’৯৮-এর বিশ্বকাপে আরও একটি চমত্কার দল ছিল নেদারল্যান্ড। ফিলিপ ককু, এডউইন ফন ডার সার, ডেভিডস, সিডর্ফ, বার্গক্যাম্প প্রমুখ খেলোয়াড়কে নিয়ে গড়া নেদারল্যান্ড দলটি ছিল অন্যতম সেরা। টোটাল ফুটবলের জনক এ দেশটি আবারও বিশ্বকাপে ছন্দময় পারফরম্যান্স উপহার দেয়। কিন্তু সেমিফাইনালে রোনালদোর ঝলক পথচলা থামিয়ে দেয় ডাচদের। ব্রাজিল রোনালদোর দেওয়া দুই গোলে নেদারল্যান্ডকে পরাজিত করে। শেষ পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় নেদারল্যান্ডকে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পা ও শরীরের ঝলকে চমত্কার একটি গোল করেন ডেনিস বার্গক্যাম্প। সেই গোলটিকে বিশ্বকাপের অন্যতম সেরা গোল হিসেবে অভিহিত করা হয়।ফাইনালে ব্রাজিল মুখোমুখি হয় স্বাগতিক ফ্রান্সের। সে ম্যাচে সবাই ধরে নেয় পঞ্চমবারের মতো কাপ যাচ্ছে রিওডি জেনিরোতে। কিন্তু অলক্ষ্যে বসে মিটিমিটি হাসছিলেন ভাগ্যবিধাতা। প্যারিসের স্টেড ডি ফ্রান্সে অনুষ্ঠিত সেই ফাইনালে প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ফরাসিরা। ছন্দময় ফুটবলের ধারক তারকাসমৃদ্ধ ব্রাজিলকে প্রথম থেকেই মাঠে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেদিন। এলোমেলো ফুটবল খেলে বিরক্তি উত্পাদনের একপর্যায়ে জিনেদিন জিদানের জাদুতে পিছিয়ে যায় ব্রাজিল। এরপর জিদান আরও একটি গোল করে ব্রাজিলকে ম্যাচ থেকে ছিটকে দেন। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ইমানুয়েল পেটিট আরও একটি গোল করে ফ্রান্সের বিশ্বকাপ জয় নিশ্চিত করেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল তিনটি গোল হজম করলেও গোল শোধ করার মতো একটি আক্রমণও ব্রাজিল সেদিন করতে পারেনি। এতটাই একপেশে ছিল সেদিনের ফাইনালটি।কথিত আছে, ব্রাজিলের রোনালদো সেদিন খেলার জন্য একেবারেই ফিট ছিলেন না। পেটের পীড়ায় আক্রান্ত হওয়ায় কোচ জাগালো তাঁকে মাঠের বাইরে রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাঁর স্পন্সর ‘নাইকি’র চাপে রোনালদোকে মাঠে নামাতে বাধ্য হন কোচ মারিও জাগালো। এ ব্যাপারে কোনো প্রমাণ না থাকলেও রোনালদো যে শারীরিকভাবে সেদিন একেবারেই ফিট ছিলেন না, সেটা মাঠে তাঁর নিষ্প্রভ উপস্থিতিতেই বোঝা গেছে। জিনেদিন জিদান সেদিন খেলেন তাঁর জীবনের শ্রেষ্ঠ খেলাটি। নিজেদের মাঠে বিশ্বকাপ আয়োজনের আনন্দকে গৌরবান্বিত করে তোলের ফরাসি ফুটবলাররা বিশ্বকাপ জয় করে। সেই সঙ্গে বিশ্ব ফুটবলে আবির্ভাব হয় আরেক অজেয় ফুটবল দলের।