জিদানকে আরও কাছে পাচ্ছেন ওজিল
তখন তাঁর বয়স মাত্র ১০ বছর। টিভি পর্দায় অবাক হয়ে দেখলেন জিনেদিন জিদান নামের জাদুকরের বল নিয়ে কারিকুরি। ১৯৯৮ বিশ্বকাপ তো আলোকিত ছিল জিজুর আলোতেই! মোহাবিষ্ট বালক তখনই ঠিক করে ফেলল, তাকে জিদানের মতোই হতে হবে। সেই বালক এখন ক্যারিয়ারের মধ্যগগনে। ২৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদ প্লে-মেকার মেসুত ওজিল এখন নিজের দ্যুতিতেই উজ্জ্বল। ৯৮ বিশ্বকাপ দেখার স্মৃতিটা যেন এখনো টাটকা ওজিলের মনে, ‘আমি ১৯৯৮ বিশ্বকাপে প্রথম জিদানকে দেখেছিলাম। এর পর থেকে ভিডিও গেম খেলার সময় আমি রিয়াল মাদ্রিদ বা ফ্রান্স নিয়ে খেলতাম। পরে আমি তাঁকে ইউটিউবে খুঁজেছি। আমি সার্চ বারে ‘জিনেদিন জিদান’ লিখে তাঁর ভিডিওগুলো দেখেছি। নিজেকে আমি বলেছিলাম আমাকেও মাঠে অমন করতে হবে। দেখা গেল খুব তাড়াতাড়িই আমি তার মুভগুলো অনুকরণ করতে পারছি। পিচে এমন ক্যারিশমা দেখাতে আমি কাউকে দেখিনি।’ জিদানের মতো ওজিলও রিয়ালের আক্রমণের মধ্যমণি। পূর্বসূরির কাছ থেকে আরও অনেক কিছুই এখন শিখতে পারবেন ওজিল। জিদান যে এখন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির সহকারী! ওয়েবসাইট।