জিদানকে নিয়ে...

কোচ জিনেদিন জিদানকে নিয়ে টানাটানিটা বুঝি একটু তাড়াতাড়িই হয়ে যাচ্ছে! এই মৌসুমেই রিয়াল মাদ্রিদের সহকারী হিসেবে কোচ কাজ শুরু করেছেন ফ্রান্স ফুটবলের মহানায়ক। কিন্তু শিগগিরই তিনি পেয়ে যেতে পারেন প্রধান কোচ হওয়ার প্রস্তাব। ক্লদিও রানিয়েরির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জিদানকেই তাক করেছে মোনাকো।
ফরাসি ক্লাবটির আকাঙ্ক্ষায় রং দিচ্ছেন মিশেল প্লাতিনিও। উয়েফা সভাপতি মনে করেন জিদানই হবেন মোনাকোর জন্য আদর্শ কোচ। রানিয়েরির সঙ্গে চুক্তিটা ২০১৬ পর্যন্ত হলেও মৌসুম শেষেই তাঁকে বিদায় করে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে মোনাকো। রানিয়েরির কোচিংপদ্ধতি নিয়ে দলের তারকা খেলোয়াড়েরা অসন্তুষ্ট। তা ছাড়া রানিয়েরি দলকে কক্ষপথেও রাখতে পারছেন না। লিগের বাকি আর ৬ ম্যাচ। মোনাকোর চেয়ে পিএসজি ১৩ পয়েন্টে এগিয়ে। মোনাকোর লিগ শিরোপার আশা বলতে গেলে শেষই। মোনাকোর রুশ মালিক দিমিত্রি রাইবোলোভলেভ ৬২ বছর বয়সী ইতালিয়ানকে নিয়ে হতাশ। রানিয়েরির সম্ভাব্য উত্তরসূরি তালিকায় জিদানের নামই সবার ওপরে।
প্লাতিনি বলছেন, জিদান প্রধান কোচ হলে তা মোনাকোর জন্য তো বটেই; জিদানের জন্যও ভালো হবে। নতুন ক্যারিয়ার নিয়ে জিদানের নিজেরও স্বপ্ন আছে—সহকারী থেকে একদিন প্রধান কোচ হবেন সান্তিয়াগো বার্নাব্যুতে। ইচ্ছা আছে একসময় ফ্রান্স জাতীয় দলেরও কোচ হবেন। প্লাতিনি সেখানেও দেখেন জিদানকে, ‘যদি সে একদিন ফ্রান্স জাতীয় দলের কোচ হতে চায়, ক্লাবের হয়ে শুরু করাটাই ভালো হবে।’
দেখা যাক স্বদেশি ক্লাবের প্রস্তাব পেলে জিদান কী করেন! ওয়েবসাইট।