জিদানের ওপরে তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনেদিন জিদান আর ফার্নান্দো তোরেস—দুজনই একটি করে বিশ্বকাপ জিতেছেন। এ ছাড়া দুজনের মধ্যে তুলনা চলে না। ফরাসি কিংবদন্তি জিদান বিশ্ব ফুটবলেরই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তোরেস বড় একজন তারকা মাত্র। তবে একটি জায়গায় জিদানকে ছাড়িয়ে গেছেন স্প্যানিশ স্ট্রাইকার তোরেস। পেশাদার ফুটবলে সর্বোচ্চ ট্রান্সফার ফির তালিকায় পেছনে ফেলেছেন জিদানকে। পরশু জানুয়ারির দলবদলের শেষ দিনে পাঁচ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে চেলসিতে গেছেন তোরেস। এটা ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড হলেও সব মিলিয়ে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ডে তৃতীয় স্থানে। তোরেসের ওপরে আছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও কাকা। ২০০৯ সালে ম্যানইউ থেকে রোনালদো রিয়ালে গেছেন বিশ্বরেকর্ড গড়ে (আট কোটি পাউন্ড), কাকা মিলান থেকে রিয়ালে গেছেন পাঁচ কোটি ৬০ লাখ পাউন্ডে। ২০০১ সালে জিদানের জুভেন্টাস থেকে রিয়ালে চার কোটি ৬০ লাখ পাউন্ডে যোগ দেওয়া ছিল তখনকার বিশ্বরেকর্ড। ওটা এখন চারে।