জিদানের চেয়ে ওজিল ভালো ড্রিবলার!
কদিন আগে বলেছিলেন, এই মুহূর্তে মেসি বা রোনালদোর চেয়ে জ্লাতান ইব্রাহিমোভিচ ভালো। বর্তমান ফর্ম বিবেচনায় সেটি না হয় কেউ কেউ মেনে নিলেন। কিন্তু ‘মেসুত ওজিল জিনেদিন জিদানের চেয়ে ভালো ড্রিবলার’—আর্সেন ওয়েঙ্গারের কথাটা শুনে আপনি ভড়কে যেতে পারেন। ছাত্রের প্রশংসা গুরু করতেই পারেন। কিন্তু এটি মনে হয় একটু বেশিই হয়ে গেছে।
এই মৌসুমেই আর্সেনাল ৫ কোটি ইউরো দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে এসেছে ওজিলকে। জার্মান এই মিডফিল্ডারের প্রতিভা বা সামর্থ্য নিয়ে কখনোই সংশয় ছিল না। আর্সেনালে প্রথম মৌসুমেই সেটির প্রমাণও দিয়ে যাচ্ছেন। কিন্তু জিদানের পর্যায়ে যেতে তো আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে ওজিলকে। দুজনের খেলাই যাঁরা দেখেছেন, তাঁরাও সেটা স্বীকার করবেন। ওয়েবসাইট।
ফ্রেঞ্চ টিভি চ্যানেল টেলিফুটকে ওয়েঙ্গার বলেছেন, ‘ওজিলের একটা বিশেষ গুণ, সে সব সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়। ড্রিবলিংয়ে অবশ্য সে জিদানের চেয়ে ভালো। টেকনিক্যালি দুজন অনেকটা একই রকম।’
আর্সেনাল যে ওজিলকে পেয়ে অনেকটাই বদলে গেছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেটা নাও হতে পারত। ওয়েঙ্গার নিজেই জানাচ্ছেন, ‘গত গ্রীষ্মে প্যারিস (পিএসজি) তার ব্যাপারে আগ্রহী ছিল। তবে আমাদের সুবিধা যেটা ছিল সে রিয়ালে যাওয়ার আগেই আমি ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। সে রিয়ালে যাওয়ার আগেই আমি তাকে আনার চেষ্টা করেছিলাম (২০১০ সালে)। তখন সে আমাকে ফোন দিয়ে বলেছিল সে রিয়ালকে বেছে নিয়েছে। এটাও বলেছিল, আমাদের এখানে আসতে পারলেও সে খুশি থাকত।’
প্রথম প্রচেষ্টায় ওজিলকে আনতে পারেনি আর্সেনাল। আনতে পারল দ্বিতীয় প্রচেষ্টায়। কিন্তু সেটি কতটা পরিকল্পনা করে, আর কতটা ঘটনাচক্রে, প্রশ্নসাপেক্ষ।