জিদানের জাদু ও ক্রোয়েশিয়ার চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে ব্রাজিলের হূদয়ভাঙা জিদানের হেড।
ফাইনালে ব্রাজিলের হূদয়ভাঙা জিদানের হেড।

জাঁ ফন্টেইনেরা পারেননি, পারেননি মিশেল প্লাতিনিরাও। কিন্তু জিনেদিন জিদানরা ঠিকই পারলেন। বহু বছরের অপেক্ষা-আক্ষেপ ঘুচিয়ে ফরাসিরা ভাসল সাফল্যের আনন্দে। এ জয়ের অগ্রভাগে ছিলেন জিদান, ফরাসি রূপকথার নায়ক। ফাইনালে করলেন জোড়া গোল। ব্রাজিলের বিপক্ষে ফ্রান্স জিতল ৩-০ গোলের ব্যবধানে।
এ বিশ্বকাপ থেকেই নতুন ফরম্যাট চালু করল ফিফা। বাড়ল দল, বাড়ল গ্রুপ। অর্থাত্ ফ্রান্স বিশ্বকাপ থেকেই শুরু ৩২ দলের ফরম্যাট, যেটি এখনো অব্যাহত রয়েছে।
টুর্নামেন্টে বড় চমক ছিল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া দুর্দান্ত খেলে কোয়ার্টার ফাইনালে জার্মানিকে হারিয়ে দিয়েছিল। সেমিফাইনালেও কাঁপিয়ে দিয়েছিল স্বাগতিকদের। শেষ পর্যন্ত লিলিয়ান থুরামের জোড়া গোল ফাইনালে নিয়ে যায় ফ্রান্সকে। অন্য সেমিফাইনালে আবারও টাইব্রেকারে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল। কিন্তু বিধ্বংসী ফ্রান্সের সামনে টিকতে পারেনি তারা। ফাইনালে দলের তুরুপের তাস রোনালদো ছিলেন নিষ্প্রভ! ১৯৯৮-এর বিশ্বকাপের আগে ফ্রান্সের বড় সাফল্য ছিল ১৯৮৬-এর বিশ্বকাপে তৃতীয় হওয়া।

শিরোপা হাতে ফ্রান্সের উল্লাস।
শিরোপা হাতে ফ্রান্সের উল্লাস।

এ বিশ্বকাপে দারুণ এক রেকর্ড গড়েছিলেন ফ্রান্সের লরা ব্লাঁ। বিশ্বকাপ ইতিহাসে একমাত্র গোল্ডেন গোলটি করেছিলেন ব্লাঁ, প্যারাগুয়ের বিপক্ষে। কেবল দল হিসেবে নয়, ব্যক্তিগত নৈপুণ্যে ক্রোয়েটদের সাফল্য ছিল বলার মতো। বাতিস্তুতা, ভিয়েরি, রোনালদোদের মতো তারকাদের পেছনে ফেলে সেবার সর্বোচ্চ গোলদাতা হন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ডেভর সুকার (ছয়টি)। সেরা খেলোয়াড়ের পুরস্কার—গোল্ডেন বল পেয়েছিলেন রোনালদো।