জিনাত আহমেদ আর নেই

বড় হয়েছেন কলকাতায়। সপরিবারে ঢাকায় আসা ১৯৫০ সালে। উঠেছেন বকশীবাজারে সে সময়ের মন্ত্রী হাবীবুল্লাহ বাহারের বাসায়। তখন ভাবতেন, ‘এ কোথায় এসে পড়লাম রে বাবা, মেয়েরা খেলাধুলা করে না।’
২০১০ সালে নারী উদ্যোগ কেন্দ্রের দেওয়া সংবর্ধনা শেষে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকার থেকে উদ্বৃতিটি নেওয়া। চিরকুমারী জিনাত আহমেদ স্মৃতিচারণা করে সেদিন বলছিলেন, ‘মিন্টো রোডে ইকবাল বাহার চৌধুরীর বাসায় থাকার সময় তিনি আমাকে সাইকেলে চড়া শেখাতেন। আস্তে আস্তে খেলার জগতে ঢুকে পড়লাম।’ সে সময়ে হাটখোলা কামরুন্নেসা গার্লস স্কুলে পড়ার সময় বড় এক কীর্তি গড়লেন। মাত্র ১৫ বছর বয়সে ১৯৫৫ সালে পাকিস্তান অলিম্পিকে সোনা জিতেছিলেন হাইজাম্পে।
সেই মানুষটি আর নেই। কাল বিকেল চারটায় ঢাকায় নিজের বাসায় ডায়াবেটিস ও কিডনি রোগের কাছে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছেন ৭৩ বছর বয়সে।
১৯৪১ সালের ১২ জুলাই ঢাকায় জন্ম। তারপর খেলার জগতেই বিচরণ। নিজেই বলেছিলেন, ‘স্কুলে সব সময় চ্যাম্পিয়ন ছিলাম। শুধু দৌড় ছাড়া আর সব খেলা খেলেছি।’ খেলা ছেড়ে হয়েছেন সংগঠক। আশির দশকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন ১৯৮০ সালে।
আজকের নারী ক্রীড়াঙ্গনের নবীনদের কাছে জিনাত আহমেদ পরিচিত নাম নয়। তবে ষাট-সত্তরের খেলোয়াড়দের কাছে ‘জিনাত আপা’ এক প্রেরণার নাম। এ দেশের নারী ক্রীড়াঙ্গনে তিনি স্মরণীয়ই হয়ে থাকবেন।