জিভের 'জীবন' মিলখা সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু রাতে ঢাকায় এসেই কাল অনুশীলনে ব্যস্ত জিভ মিলখা সিং l প্রথম আলো
পরশু রাতে ঢাকায় এসেই কাল অনুশীলনে ব্যস্ত জিভ মিলখা সিং l প্রথম আলো

বাবাকে ছাপিয়ে যেতে পারেননি। আদৌ পারবেন কি না জানা নেই। কিন্তু বাবা সব সময় ছায়ার মতো জড়িয়ে আছেন জিভ মিলখা সিংয়ের জীবনে।
ভারতের বিখ্যাত দৌড়বিদ মিলখা সিংয়ের একমাত্র ছেলে জিভ বাবার পথ বেছে নেননি। গলফ খেলে বেড়াচ্ছেন দেশ-বিদেশে।
আজ থেকে ঢাকায় শুরু হওয়া এশিয়ান ট্যুর গলফে খেলবেন জিভ। প্রথম বাংলাদেশে এসেছেন। কুর্মিটোলার সবুজ গলফ কোর্স দেখে মুগ্ধ ভারতীয় গলফার, ‘প্রথমবার এখানে আসতে পেরে খুব খুশি। একেবারে শেষ মুহূর্তে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছি। এখানকার গলফ কোর্সটা সত্যি চমৎকার। এসেই কোর্সের লে-আউট দেখেছি। আজ সকালে ১৮ হোল খেললাম। আবহাওয়াটা গলফ উপযোগী। খুবই ভালো লাগছে।’
ভারতীয় গলফের অনেক ‘প্রথমের’ সঙ্গে জড়িয়ে জিভের নাম। প্রথম ভারতীয় গলফার হিসেবে ইউরোপিয়ান ট্যুরে খেলেছেন ১৯৯৭ সালে। গলফের বিশ্ব র্যাঙ্কিংয়ের এক শর ভেতরে ঢোকা প্রথম ভারতীয়ও তিনি। এ পর্যন্ত চারটি ইউরোপিয়ান ট্যুর জিতেছেন। খেলাধুলায় বিশেষ অবদানের জন্য জিতেছেন পদ্মশ্রী পুরস্কার।
বাবা মিলখা সিংয়ের জীবনসংগ্রামের লড়াইটা জেনে নিজের এত অর্জনও তাঁর কাছে তুচ্ছ মনে হয়। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারান মিলখা সিংয়ের বাবা-মা। সেদিন কোনোমতে প্রাণ নিয়ে দিল্লিতে বোনের বাড়ি পালিয়ে আসতে পেরেছিলেন মিলখা। কিশোর মিলখার চোখের সামনেই মেরে ফেলা হয় বাবা-মাকে। মারা যাওয়ার আগে শেষবার বাবা চিৎকার করে বলেছিলেন, ‘ভাগ, মিলখা ভাগ।’ জীবন বাঁচাতে সেই যে দৌড় দিয়েছিলেন, শিখ যুবক এরপর একদিন দৌড়াতে দৌড়াতেই পৌঁছে গিয়েছিলেন অলিম্পিকের ট্র্যাকে।
১৯৫৮ কার্ডিফ কমনওয়েলথ গেমসে সোনা জিতে ইতিহাস তৈরি করা মিলখা সিং যেন জীবন্ত কিংবদন্তি। এশিয়ান গেমসে চারবার সোনা জিতেছেন। মিলখা সিংকে নিয়ে চার বছর আগে বলিউডে তৈরি হয় ভাগ মিলখা ভাগ চলচ্চিত্র।
কুর্মিটোলা গলফ একাডেমির পেছনের গ্রিনে পাটিং করার ফাঁকে জিভ মিলখার সঙ্গে আলাপ হচ্ছিল। সিনেমার প্রসঙ্গটা তুলতেই জিভ হেসে বলেন, ‘ভাগ মিলখা ভাগ সিনেমার শুটিংয়ের গুরুত্বপূর্ণ অংশে ছিলাম। এটা অসাধারণ একটা ছবি। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা থেকে শুরু করে সবাই যত্ন নিয়ে কাজটি করেছে।’
বাবার জীবনের সত্যিকারের গল্পটা রুপালি পর্দায় দেখে কেঁদে উঠেছিলেন জিভ, ‘সিনেমাটা প্রথম দেখে কেঁদেছি। এখনো প্রতিবার দেখি আর কাঁদি। মানুষের কাছে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। কারও জীবনে কষ্টের সময় এলে এই গল্প থেকে অনুপ্রেরণা নিতে পারে।’ বাবার যুবক বয়সের চেহারার সঙ্গে নাকি অনেকটাই মিল সিনেমার নায়ক ফারহান আখতারের, ‘বাবা যখন তরুণ ছিলেন দেখতে অনেকটা ফারহানের মতোই ছিলেন।’
বাবার লড়াইয়ের গল্পটা শুনে শুনেই বড় হয়েছেন জিভ, ‘ছোটবেলায় আমাকে কোলে বসিয়ে বাবা নিজের জীবনের গল্প বলতেন। যখনই বাবার কাছে কোনো গল্প শোনার বায়না ধরতাম, তাঁর জীবনের সত্যি গল্পটা বলতেন। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম আর কাঁদতাম। অন্তত ২০ বার তো শুনেছিই। প্রতিবারই মনে হতো নতুন গল্প শুনছি। এটা শিক্ষণীয় একটা গল্প।’
ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার মিলখা সিং এখন অবসরে। থাকেন চণ্ডীগড়ের বাড়িতে। তবে লন্ডনেও বাড়ি রয়েছে তাঁদের। সেখানে কিছুদিন পরপর বেড়াতে যান। বাবার হাত ধরেই গলফে হাতেখড়ি জিভের, ‘আমাকে গলফে এনেছেন বাবা। তিনিও গলফ খেলেন। ৯ বছর বয়সে আমার শুরু। আমি ভাগ্যবান যে বাবার হাত ধরে খেলাটা শিখেছি। তিনি গলফ খুব ভালোবাসেন।’ জিভের মা নির্মলা কওরও গলফার। একসময় ভারতের জাতীয় মহিলা ভলিবল দলের অধিনায়কও ছিলেন নির্মলা।
আপনার বাবা কি এখনো গলফ খেলেন? জিভের উত্তর, ‘বাবা এখন সেভাবে হাঁটতে পারেন না। আসলে বয়স হয়ে গেছে অনেক।’ বাবাকেই আদর্শ মানেন জিভ, ‘বাবা আমার ভালো একজন বন্ধু। আমার আদর্শ। বাবার কাছ থেকেই উৎসাহ পাই সব সময়। ছোটবেলায় বাবা বলতেন, পরিশ্রম করো, জীবনে সহজে কিছু মেলে না।’
নিজেও যে সহজে কিছু পেতে চান না জিভ! লড়াই করে এগোতে চান আরও সামনে।