জিম লেকারের সেই মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ড ১৮৮৪ সাল থেকেই টেস্ট ভেন্যু, সে সঙ্গে অগুনতি কীর্তির মঞ্চও। তবে এ মাঠে সবচেয়ে বড় কীর্তিটা সম্ভবত জিম লেকারের। দুই ইনিংসে ৯০ রান দিয়ে ১৯ উইকেট—১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টটির নামই ‘লেকারের টেস্ট।’এত বছরে অনেক বদলেছে ম্যানচেস্টার, বদলেছে ওল্ড ট্রাফোর্ড আর এর উইকেটও। অফ স্পিনার লেকারের ১৯ উইকেট পাওয়ার সাফল্যের কথা মাথায় রেখেও বলে দেওয়া যায় না ওল্ড ট্রাফোর্ড তো স্পিনিং উইকেট! ওয়ানডেতে এ মাঠের উইকেট কিছুটা স্পিন সহায়ক হলেও টেস্ট শুরুর আগের দিন উইকেটের ওপর যে ঢাকনাটা থাকে, তাতেই সেটা হয়ে উঠতে পারে গতিময়। আগামীকাল দ্বিতীয় টেস্ট শুরুর আগে বাংলাদেশ দল এখন সেই দ্বিধাদ্বন্দ্বেই আছে।বাংলাদেশের একাদশে পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছিল। পেসার রবিউলের জায়গায় শফিউলের নামটাই ছিল আলোচনায়। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর চিন্তার স্রোত বদলাচ্ছে। উইকেট স্পিন সহায়কও হতে পারে বলে চলে আসছে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের নামও। পরিবর্তনের সম্ভাবনা তাই দুই রকম। ১. রবিউলের জায়গায় শফিউল। ২. রবিউল ও রুবেলের জায়গায় শফিউল ও রাজ্জাক। তার মানে একটা পরিবর্তন মোটামুটি নিশ্চিত—রবিউলের বদলে খেলবেন শফিউল।কাল মাঠে এসেই উইকেট দেখতে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ জেমি সিডন্স। দেখে-টেখে উইকেট সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাজটা তুলে রেখেছেন পরদিনের জন্য। তবে এ মাঠে এর আগে একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থেকে মোহাম্মদ আশরাফুল বলছেন, ‘আমার মনে হয়, উইকেট স্পিন সহায়কই হবে। টেস্টের জন্য হয়তো ওরা একটু ফাস্ট বানাতে চাইবে, তারপরও স্পিনাররা ভালো সাহায্য পাবে।’ওল্ড ট্রাফোর্ডের মাঠে এই প্রথম বাংলাদেশের টেস্ট। ওয়ানডেও একটাই। ২০০৫ সালের ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো—১৩৯ রানে অলআউট হয়ে ১০ উইকেটের হার। তবে এই দুঃস্বপ্নেও এক টুকরো সুখস্মৃতি আছে আশরাফুলের, ‘আমি ৫৮ রান করেছিলাম। আমরা হেরেছি, তবে মনে আছে শাহরিয়ার নাফীস আর আমি হেভি ব্যাটিং করেছিলাম...।’ ২৩ রানে ২ উইকেট পড়ার পর ৯০ রানের জুটি—পরিস্থিতি অনুযায়ী ‘হেভি ব্যাটিং’ তো অবশ্যই।এক আশরাফুল ছাড়া ওই দলটার আর কেউই নেই এবার। ওল্ড ট্রাফোর্ডের মাঠ তাই যা চেনার আশরাফুলই চেনেন। ওল্ড ট্রাফোর্ড টেস্টে আশরাফুলের কাছ থেকে তাই বাড়তি কিছু চাইতেই পারেন কোচ। কাল অনুশীলনেও দেখা গেল আশরাফুলের প্রতি জেমি সিডন্সের বাড়তি মনোযোগ। সিডন্স আশরাফুলের দিকে দৃষ্টি সরিয়ে আনলেও লর্ডস টেস্টের পর ব্রিটিশ মিডিয়ার চোখে এখনো শুধু তামিম ইকবাল। ফটোগ্রাফাররা তামিমের কাছে গিয়ে জেনে আসেন, ‘নেটে যাবে কখন? তোমার ছবি তুলতে হবে।’ সংবাদ সম্মেলন করতে গিয়েও তাই, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ব্রিটিশ মিডিয়া কথা বলতে নিয়ে গেল তামিমকেই। ইংল্যান্ড দল থেকে এলেন আজমল শেহজাদ। শোনা যাচ্ছে, অধরা টেস্ট অভিষেকটা নাকি কালই হয়ে যাবে তাঁর। ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ড মাঠ থেকে হাঁটা দূরত্বে দাঁড়িয়ে আরেকটা ওল্ড ট্রাফোর্ড মাঠ। তবে এ মাঠ ফুটবলের, বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ড। ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট মাঠে অনুশীলন শেষে বাংলাদেশ দল কাল গিয়েছিল ফুটবলের সে মাঠ আর ক্লাব দেখতে। ওল্ড ট্রাফোর্ড টেস্টে চাইলে এই সফরটারও প্রতিফলন আশা করতে পারেন আপনি দলের কাছ থেকে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান ফটকের সামনে ঝুলে থাকা বড় ব্যানারে ‘উই আর ইউনাইটেড’ স্লোগানটা হয়তো উজ্জীবিত করবে সাকিব আল হাসানের দলকেও।